সম্পদ বিবরণী দাখিল না করায় দুদকের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পদ বিবরণী দাখিল না করায় চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের চট্টগ্রামের উপপরিচালক সৈয়দ আহমেদ নগরের ডবলমুরিং থানায় মামলা দুটি করেন।
সৈয়দ আহমেদ প্রথম আলোকে বলেন, ২০১০ সালে পিডিবির সহকারী পরিচালক ফজলে এলাহী ও তাঁর স্ত্রী ফেরদৌসি বেগমের সম্পদের বিবরণী দাখিলের জন্য নোটিশ দেয় দুদক। কিন্তু ফজলে এলাহী দুদকের এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যান। আদালত তখন নোটিশের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। গত বছর উচ্চ আদালত স্থগিতাদেশ উঠিয়ে নেন। কিন্তু তারপরও ফজলে এলাহী সম্পদের বিবরণী জমা দেননি। এ কারণে ফজলে এলাহী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।