সম্পদ বিবরণী দাখিল না করায় দুদকের মামলা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশের পর নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় সেলিম রেজা নামের একজনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আজ রোববার সংস্থার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন সহকারী পরিচালক মো. সাঈদুজ্জামান।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, নারায়ণগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের সেলিম রেজা জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন বলে দুদকের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। এর পরিপ্রেক্ষিতে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হলে তিনি নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি।
দুদকের অনুসন্ধানে দেখা গেছে সেলিম রেজা নিজ নামে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের ১৭টি দলিলে ১ কোটি ৪৯ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা দামের জমি কিনেছেন। একটি দোতলা বাড়ি, একটি গাড়িসহ অন্যান্য সম্পদ অর্জন করেছেন। ওই সম্পদ অর্জনে তাঁর সুনির্দিষ্ট কোনো উৎস পাওয়া যায়নি। সেলিম রেজার বৈধ আয়ের কোনো উৎস না থাকা সত্ত্বেও অবৈধ উপায়ে অর্জিত অর্থের মাধ্যমে ওই সব সম্পদ অর্জন করেছেন। এর পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়।
নোটিশে সেলিম রেজার নিজ নামে, তাঁর স্ত্রী এবং তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিবরণী সাত কর্মদিবসের মধ্যে জানাতে বলা হয়। নারায়ণগঞ্জ জেলা কারাগারে আটক সেলিম রেজা ডেপুটি জেলার আরিফুর রহমানের উপস্থিতিতে এ বছরের ২ মে নোটিশটি গ্রহণ করেন। ১৪ মে তিনি সময় বাড়ানোর আবেদন করলে তাঁকে আরও সাত কার্যদিবস সময় দেওয়া হয়। তিনি এরপরও সময় বাড়ানোর আবেদন করেন। সে কারণে তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়।