রাজধানীতে এক সেমিনারে বক্তারা বলেছেন, বাংলাদেশের উন্নয়নে সামুদ্রিক সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহারের জন্য এর আহরণ পেশাগত ও কারিগরি দক্ষতার সঙ্গে করতে হবে। দেশের উন্নয়নকে নতুন পর্যায়ে নিতে সামুদ্রিক সম্পদ ব্যবহারের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়ে একটি সমন্বিত সামুদ্রিক নীতিমালা প্রয়োজন।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) ‘সমুদ্রসীমা নতুন করে নির্ধারণের প্রেক্ষাপটে বাংলাদেশের সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। বিস মিলনায়তনে সংস্থার পরিচালনা পর্ষদের সভাপতি মুন্সি ফয়েজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। স্বাগত বক্তব্য দেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান।
প্রথম কর্ম অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম। নির্ধারিত আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদ এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর। দ্বিতীয় কর্ম অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. কাওসার আহমেদ। নির্ধারিত আলোচক ছিলেন পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) মো. কামরুজ্জামান ও নৌ সদর দপ্তরের পরিচালক (হাইড্রোলজি) ক্যাপ্টেন মীর ইমদাদুল হক।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনার প্রাথমিক দায়িত্ব সরকারের হলেও এ সম্পদ সম্প্রসারণে বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই দেশের কর্মসংস্থান ও অর্থনীতিতে সামুদ্রিক সম্পদ কাজে লাগানোর লক্ষ্যে বেসরকারি খাতকে সরকার সম্পৃক্ত করতে চায়। এ জন্য সরকার প্রয়োজনীয় নীতিমালা ও কর্মকৌশল প্রণয়ন করবে। প্রশ্নোত্তর পর্বে ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) মৃদু পবন দাস বলেন, ‘পেছনের দিকে না তাকিয়ে সামনে তাকানো উচিত। কীভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি, সেটি আলোচনা করা দরকার।’
খুরশেদ আলম বলেন, সালিসি আদালতে মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমার মীমাংসাকে সবার জন্য সমান সুযোগ তৈরি হিসেবেই দেখে বাংলাদেশ।