বরগুনার বেতাগী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান গোলাম কবির এবারও আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। গত ২০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় তিনি নিজের সম্পদ ও আয়ের বিবরণ দিয়েছেন। এ বিবরণ অনুযায়ী, এবার তাঁর সম্পদ অনেক বাড়লেও আয় অনেক কমে গেছে।
২০০৯ সালে দেওয়া হলফনামায় গোলাম কবির তাঁর সম্পদের মোট আর্থিক মূল্য দেখান (দেনা বাদে) ৩০ লাখ ৭২ হাজার ৭১৮ টাকা। এবার সম্পদের আর্থিক মূল্য দেখিয়েছেন ৮২ লাখ ৭০ হাজার টাকা। গতবার বার্ষিক আয় দেখান ১০ লাখ ৭১ হাজার টাকা। এবার বার্ষিক আয় দেখিয়েছেন তিন লাখ ৩১ হাজার টাকা।
তবে অনুসন্ধানে জানা গেছে, পাঁচ বছরে গোলাম কবির অনেক সম্পদের মালিক হয়েছেন, যা তিনি হলফনামায় উল্লেখ করেননি। এসব সম্পদের মধ্যে ঢাকার ঝিলমিল প্রকল্পের একটি প্লট, পৈতৃক সম্পত্তিতে নির্মিত একটি চারতলা ভবন, তিন একর জমিতে যৌথ মালিকানায় ইটভাটা স্থাপন, একটি সিনেমা হল ক্রয় এবং ৪০ লাখ টাকা স্থায়ী আমানত উল্লেখযোগ্য।
এ ছাড়া চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর গোলাম কবির তাঁর মায়ের নামে মেসার্স কহিনূর কনস্ট্রাকশনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স করিয়েছেন। প্রতিষ্ঠানটি প্রায় পাঁচ বছরে কয়েক কোটি টাকার উন্নয়ন কাজ করেছে।
অনুসন্ধানে আরও জানা গেছে, চেয়ারম্যান হওয়ার পর গোলাম কবির নিজের লাইসেন্সে ঠিকাদারি ব্যবসা করেননি। কৌশলে তিনি গত পাঁচ বছর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগসহ বেশ কয়েকটি বিভাগে নির্দিষ্ট কয়েকজন ঠিকাদারের সঙ্গে অংশীদারির ভিত্তিতে ঠিকাদারি করেছেন। এর মধ্যে মেসার্স কহিনূর কনস্ট্রাকশনের নামে পাঁচ বছরে প্রায় ছয় কোটি টাকার কাজ করান। এই প্রতিষ্ঠানটির মালিকানায় গোলাম কবিরের মামা রফিকুল ইসলাম গাজীর নাম রয়েছে। এ ছাড়া পাঁচ বছরে গোলাম কবিরের ব্যবসার অংশীদার খলিলুর রহমানের মালিকানাধীন খান এন্টারপ্রাইজের নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমেও প্রায় ১০ কোটি টাকার উন্নয়ন কাজ করানো হয়েছে।
রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গোলাম কবিরের মা আমার বড় বোন। তাই তাঁর নামে প্রতিষ্ঠানটি আমি পরিচালনা করছি। ওদের (গোলাম কবির) বাড়িতে থেকে বড় হয়েছি। কাজকর্মেও আমি ওর সহযোগিতা নিই।’
খলিলুর রহমান বলেন, ‘বর্তমানে কোনো কাজে আমার সঙ্গে গোলাম কবিরের অংশীদারত্ব নেই। এখন কেবল ইটভাটায় অংশীদারত্ব আছে।’
এ বি এম গোলাম কবির বলেন, ‘ঝিলমিল প্রকল্পে একটি প্লট পেয়েছি। তবে সেটার কিস্তি পরিশোধ হয়নি বলে হলফনামায় উল্লেখ করিনি। ইটভাটার জমি ক্রয়ের জন্য আমি ও আমার এক অংশীদার জমির বায়না করেছি, কিন্তু দলিল নিবন্ধন হয়নি। আর সিনেমা হলের জমি কিনেছি আমরা চার অংশীদার মিলে।’ ঠিকাদারি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি চার বছর ধরে কোনো ঠিকাদারি কাজ করিনি। ঠিকাদার খলিলুর রহমান কেবল আমার ইটভাটার অংশীদার, তাঁর সঙ্গে অন্য কোনো ব্যবসায় আমার অংশীদারত্ব নেই।’
সুশাসনের জন্য নাগরিক—সুজন, বরগুনা জেলা শাখার সাধারণ সম্পদক জি এম কাদের বলেন, হলফনামায় গোলাম কবির আয় ও সম্পদের যে হিসাব উল্লেখ করেছেন তা বিশ্বাসযোগ্য নয়। এটা অনুসন্ধান করে দেখা উচিত।