সম্পদের ক্ষতি সাড়ে ১১ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআরে বিদ্রোহের ঘটনায় প্রায় সাড়ে ১১ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। যানবাহনে আগুন, ভাঙচুর, অস্ত্র-গোলাবারুদ লুট, বিস্ফোরণ, হেলিকপ্টারে গুলি এবং লুণ্ঠিত সরকারি ও বেসরকারি মালামালের মূল্য ধরে ক্ষতির এই হিসাব করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিডিআর, বাংলাদেশ বিমানবাহিনী ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা যৌথভাবে এ হিসাব তৈরি করেন।এ বিষয়ে জানতে চাইলে পিলখানায় হত্যাযজ্ঞ মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির বিশেষ সুপার আবদুল কাহার আকন্দ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, নারকীয় ওই ঘটনায় যেসব ক্ষতি হয়েছে, তার হিসাব টাকার অঙ্কে নিরূপণ করা সম্ভব নয়। শুধু সম্পদের ক্ষতির বিষয়ই টাকার অঙ্কে করা হয়েছে। হত্যা মামলার অভিযোগপত্রেও বিষয়টি উল্লেখ রয়েছে।বিডিআরের সূত্র জানায়, বিদ্রোহের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য বিডিআর কর্তৃপক্ষকে অনুরোধ করে সিআইডি। এ ছাড়া ওই সময় লিফলেট ছড়ানোর কাজে ব্যবহূত হেলিকপ্টারে গুলি লাগার ঘটনায় ক্ষতির বিষয়ে বিমানবাহিনীর কাছে প্রতিবেদন চাইলে তারা প্রতিবেদন দেয়। এসব প্রতিবেদনের ভিত্তিতে ক্ষয়ক্ষতির হিসাব করা হয়। তবে বিডিআরের অনেক কর্মকর্তা বলেছেন, ক্ষতির পরিমাণ আরও বেশি হওয়ার কথা।সূত্র জানায়, বিদ্রোহের সময় লুট হওয়া সরকারি মালামালের মধ্যে আছে: অস্ত্র, গোলাবারুদ, কম্পিউটার, ল্যাপটপ, মুঠোফোন, ল্যান্ডফোন, হাতমাইক, শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এসি), ফ্যাক্স মেশিন, বিভিন্ন ধরনের বেতার (সিগন্যাল) যন্ত্রপাতি ও ব্যাটারি, মাইক্রোফোন, টেলিভিশন, ইউপিএস, ফটোস্ট্যাট মেশিন, জেনারেটর, অ্যামপ্লিফায়ার, চার্জার, ইউএইচএফ রেডিও, বিভিন্ন ধরনের অ্যান্টেনা, অডিও-ভিডিও ক্যামেরা ইত্যাদি। বিডিআরের পক্ষ থেকে এসব মালামালের ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয় ৩৯ লাখ ৫৭ হাজার ১৫৬ টাকা।এ ছাড়া বিদ্রোহের সময় জওয়ানরা বিভিন্ন বাসাবাড়িতে হামলা চালান। তাঁরা ব্যক্তিগত মালামাল যেমন টাকা, স্বর্ণালংকার, ল্যান্ডফোন, মুঠোফোন, ফটোস্ট্যাট মেশিন, টেপরেকর্ডার, এসি, অ্যামপ্লিফায়ার, আসবাব, কাপড় লুট ও বিনষ্ট করেন। এ ক্ষেত্রে ক্ষতি ধরা হয়েছে ১০ কোটি ৫০ লাখ টাকা।বিদ্রোহের সময় পিলখানায় ৩৯টি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এগুলোর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত ছয়টির ক্ষতির পরিমাণ ধরা হয় চার লাখ ৬৫ হাজার টাকা। বাকি ৩৩টি যানের আংশিক ক্ষতি হয়। এগুলোর ক্ষতির পরিমাণ ধরা হয় ৫০ লাখ টাকা।সূত্র আরও জানায়, বিদ্রোহের প্রথম দিন দুপুর পৌনে ১২টার দিকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিদ্রোহ থেকে বিডিআর সদস্যদের বিরত থাকার নির্দেশসংবলিত লিফলেট বিতরণের জন্য একটি হেলিকপ্টার পিলখানার ওপর চক্কর দেয়। বিডিআরের জওয়ান কচিং মার্মা, জসিম উদ্দিনসহ অন্যরা হেলিকপ্টারটি লক্ষ্য করে এলএমজি থেকে গুলি ছোড়েন। হেলিকপ্টারের ফুয়েল ট্যাংকসহ ছয়টি স্থানে গুলি লাগে। এ ছাড়া গুলির কারণে হেলিকপ্টারের ২১টি স্থানে ক্ষতি হয়। কপ্টারটি জরুরি অবতরণ করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। বিমানবাহিনী এই কপ্টারের ক্ষতি দেখিয়েছে নয় লাখ ৮৮ হাজার ৫৭৬ টাকার। পিলখানায় হত্যাযজ্ঞ মামলার আলামত হিসেবে কপ্টারটি জব্দ করা হয়েছে।সিআইডির কর্মকর্তারা জানান, বিডিআরে বিদ্রোহের ঘটনায় খোয়া যাওয়া অস্ত্র ও গোলাবারুদের বেশির ভাগ পরে উদ্ধার করা হয়। তবে সাতটি ব্যক্তিগত অস্ত্রসহ ৬৪টি পিস্তল, পাঁচটি রাইফেল ও একটি এসএমজির খোঁজ মেলেনি। এ ছাড়া বিভিন্ন ধরনের ৩৯ হাজার ৫৬৯টি গুলি, ১৯৮টি আর্জেস গ্রেনেড, পাঁচটি মর্টার শেল ও একটি রকেট শেল পাওয়া যায়নি। বিদ্রোহে সময় দুই হাজার ৪১৪টি অস্ত্র থেকে গুলি ছোড়া হয়। ধারণা করা হচ্ছে, এসব গুলি ব্যবহার করা হয়েছে। এসব গুলির মূল্যও ক্ষতির হিসাবে ধরা হয়েছে। সব মিলিয়ে বিদ্রোহের ঘটনায় সম্পদের ক্ষতির পরিমাণ ১১ কোটি ৫৪ লাখ ১০ হাজার ৭৩২ টাকা।