সম্পদের মামলায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর খালাসের আদেশ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টে আবারও আপিল শুনানি করতে বলা হয়েছে।
গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) নিষ্পত্তি করে এ আদেশ দেন।
২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি ইকবাল হাসান মাহমুদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয় দুদক। দুই কোটি ৫৭ লাখ ১৪ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ওই বছরের ২১ মার্চ মোহাম্মদপুর থানায় ইকবাল হাসানের বিরুদ্ধে মামলা করে দুদক। বিশেষ জজ আদালত ২০০৭ সালের ১৫ নভেম্বর এক রায়ে তাঁকে নয় বছরের সাজা দেন। এ রায়ের বিরুদ্ধে ইকবাল হাসান হাইকোর্টে আপিল করেন। ২০১১ সালের ১৬ জুন হাইকোর্ট ইকবাল হাসানকে খালাস দেন। এ রায়ের বিরুদ্ধে ২০১১ সালের ৪ ডিসেম্বর দুদক আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন করে।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আদেশের বিষয়টি জানিয়ে তিনি প্রথম আলোকে বলেন, আদালত খালাসের রায় বাতিল করে হাইকোর্টে পুনরায় আপিল শুনানি করার নির্দেশ দিয়েছেন।