সম্পদের হিসাব দিতে নূর হোসেনকে দুদকের নোটিশ
নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ও তাঁর স্ত্রী মোসাম্মৎ রোমা হোসেনকে তাঁদের সম্পদের হিসাব দিতে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার কাশিমপুর কারাগারের জ্যেষ্ঠ জেল সুপারের কাছে নূর হোসেনের নোটিশ এবং তাঁর স্ত্রীর নোটিশটি নারায়ণগঞ্জের শিমরাইলে তাঁর বাড়িতে পাঠানো হয়েছে বলে দুদকের দায়িত্বশীল একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে। মঙ্গলবার সকালে কমিশন সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দেয়।
দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা নোটিশে নূর হোসেন ও তাঁর স্ত্রীকে নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে তাঁদের সম্পদ বিবরণী দুদকের সচিব বরাবর জমা দিতে বলা হয়েছে। অন্যথায় দুদক আইনের ২৬ (২) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কারাগারে থাকায় নূর হোসেন তাঁর আইনজীবী বা প্রতিনিধির মাধ্যমে সম্পদ বিবরণী জমা দিতে পারবেন। তবে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে না পারলে এক সপ্তাহ সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।
দুদক সূত্র জানায়, ট্রাকচালকের সহকারী হিসেবে জীবন শুরু করে নূর হোসেন অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৯ মে নূর হোসেনের সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।