সম্পদের হিসাব দিতে সময়ের আবেদন তিন কর্মকর্তার
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. জয়নাল আবেদীনসহ পদস্থ তিন কর্মকর্তা সম্পদের হিসাবসহ বিভিন্ন তথ্য দাখিলে এক মাস সময় চেয়েছেন। গতকাল রোববারের মধ্যে তাঁদের সম্পদের হিসাব দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করার কথা ছিল। বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে গতকাল সন্ধ্যায় দুদকের একটি সূত্র নিশ্চিত করেছে।
এর আগে নগরের শাহজালাল উপশহর এলাকার এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তানভীর আল নাসীফের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। এরই ধারাবাহিকতায় ১১ ডিসেম্বর দুদক তাঁদের ব্যক্তিগত ও পারিবারিক সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয়।
দুদক সিলেট কার্যালয়ের একটি সূত্র জানায়, ব্যক্তিগত ও পারিবারিক সম্পদ বিবরণীর পাশাপাশি জেলা প্রশাসকের কাছে চারটি সুনির্দিষ্ট বিষয়ে তথ্য চেয়ে নোটিশ দেওয়া হয়েছিল। এর মধ্যে ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ অর্থবছরে সিলেট জেলা প্রশাসকের অধীন ইজারা দেওয়া জলমহাল, পাথরকোয়ারি, বালুমহাল ও হাটবাজার; এলআর ফান্ডের আয়-ব্যয়ের বিবরণী; সার্কিট হাউসের আয়-ব্যয়ের হিসাব এবং পরিবহন পুলে বরাদ্দ করা অর্থের পরিমাণ ও ব্যয়ের বিবরণী দাখিলের কথা বলা হয়েছিল।
বৃহস্পতিবার বিকেলে ওই তিন কর্মকর্তা তথ্য জমা দেওয়ার জন্য এক মাসের সময় চেয়ে একটি আবেদন করেন। এনডিসি দেশের বাইরে থাকায় তথ্য দিতে বিলম্ব হবে বলে আবেদনে উল্লেখ করেন।
নোটিশ দেওয়া দুদক সিলেটের সহকারী পরিচালক দেবব্রত মণ্ডল গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘শুনেছি, উনারা তথ্য দেওয়ার জন্য এক মাসের সময় চেয়ে আমাদের কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে একটি আবেদন রেখে গেছেন। তবে এটি এখনো আমার হাতে পৌঁছেনি। আবেদনটি পাওয়ার পর যৌক্তিকতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’