সম্পদের হিসাব দিলেন অলি

এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ দুর্নীতি দমন কমিশনে (দুদক) তাঁর সম্পদের হিসাব জমা দিয়েছেন।
দুদকের তদন্ত কর্মকর্তা গোলাম ফারুক ১০ সেপ্টেম্বর তাঁকে এ নোটিশ পাঠিয়েছিলেন।
দুদক সূত্র জানিয়েছেন, একসময়কার দুর্নীতি দমন ব্যুরো ১৯৯৬ সালে অলি আহমদকে নোটিশ দেয়। সেই নোটিশের বিরুদ্ধে উচ্চ আদালতে তিনি রিট আবেদন করেন। দীর্ঘদিন শুনানির পর ২০০৭ সালে আদালত দুদকের পক্ষে রায় দেন। রায়ে বলা হয়, দুদক নোটিশটি কার্যকর করতে পারে। এরই ধারাবাহিকতায় অলিকে নোটিশ দেওয়া হয়।
আজ রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে অলি আহমদ সম্পদের হিসাব জমা দিয়ে বের হয়ে সাংবাদিকদের বলেন, মহাজোট সরকারের মন্ত্রিত্ব গ্রহণ না করার ‘খেসারত’ হিসেবে তাঁকে দুদকে আসতে হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দুদকের কমিশনার মো. শাহাবুদ্দিন সাংবাদিকদের বলেন, সম্পদের হিসাব চেয়ে দুদকের পাঠানো নোটিশের পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই। এ বিষয়টি ১৭ বছর আগে থেকে চলে আসছে।
পরবর্তী পদক্ষেপ কী হবে জানতে চাইলে দুদকের কমিশনার বলেন, হিসাব বিবরণী পর্যালোচনা করার জন্য দুদক অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করবে। ওই কর্মকর্তা হিসাবটি সঠিক ও যথার্থ কি না, তা যাচাইবাছাই করে দেখবেন।
এ ছাড়াও এর বাইরে অলি আহমদের আর কোনো সম্পদ আছে কি না এবং যা হিসাব দেওয়া হয়েছে তার বৈধ উৎস আছে কি না, তা যাচাইবাছাই করে দেখবেন তদন্ত কর্মকর্তা।