সম্পদের হিসাব দিলেন আরও দুই বিচারপতি
প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কাছে নিজেদের সম্পদের হিসাব জমা দিয়েছেন হাইকোর্টের দুই বিচারপতি। তাঁরা হলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম।এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে প্রধান বিচারপতির আহ্বানে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের চার বিচারপতি তাঁদের সম্পদের বিবরণ জমা দিলেন।দুই বিচারপতি গতকাল দুপুরে সম্পদের হিসাব জমা দিয়েছেন বলে সুপ্রিম কোর্টের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। সূত্র জানায়, বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম নিজের এবং তাঁর স্ত্রীর সম্পদের হিসাব জমা দিয়েছেন।প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে নিজের সম্পদের হিসাব জমা দেন প্রধান বিচারপতি। এরপর ৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পদের হিসাব জমা দেওয়ার আহ্বান জানান। ওই আহ্বানে সাড়া দিয়ে পরদিন আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহা ও হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার মূসা খালেদ সম্পদের হিসাব জমা দেন।