সদ্য স্থায়ী হওয়া হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি ওবায়দুল হাসান ও এম ইনায়েতুর রহিম গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতির কাছে সম্পদের হিসাব জমা দিয়েছেন। তাঁদের এই হিসাব জনসমক্ষে প্রকাশে তাঁদের কোনো আপত্তি নেই বলেও উল্লেখ করেছেন।জানতে চাইলে প্রধান বিচারপতির সচিব কবির আহমেদ প্রথম আলোকে বলেন, এ নিয়ে সুপ্রিম কোর্টের মোট ১৯ জন বিচারপতি সম্পদের হিসাব জমা দিলেন।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, একই ভাষায় লেখা হিসাব বিবরণীসহ দুই বিচারপতির দেওয়া দরখাস্তের শেষাংশে বলা হয়, ‘আমার সম্পদের বিবরণী জনসমক্ষে প্রকাশে আমার কোনো আপত্তি নেই।’ এর আগে গত ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে নিজের সম্পদের হিসাব জমা দেন তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। এরপর গত ৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় তৎকালীন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পদের হিসাব জমা দেওয়ার আহ্বান জানান। ওই আহ্বানে সাড়া দিয়ে পরদিন আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহা এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার মূসা খালেদ সম্পদের হিসাব জমা দেন। এরই ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টের ১৯ বিচারপতি সম্পত্তির হিসাব জমা দেন।