সম্পদের হিসাব না দেওয়ায় সোহেল রানার বিরুদ্ধে মামলা করছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ে সম্পদের হিসাব জমা না দেওয়ায় সাভারের ধসে পড়া রানা প্লাজার কর্ণধার সোহেল রানার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান এ অনুমোদন দেন বলে দুদকের উচ্চপর্যায়ের সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, শিগগিরই আদালতে এ মামলা করা হবে।
রানা প্লাজা ধসের ঘটনায় করা মামলায় সোহেল রানা কাশিমপুর কারাগারে আটক রয়েছেন। গত ২ এপ্রিল তাঁর কাছে কারা কর্তৃপক্ষের মাধ্যমে সম্পদ বিবরণীর নোটিশ পাঠায় দুদক। আইন অনুযায়ী নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে আইনজীবীর মাধ্যমে সম্পদের হিসাব দুদকে জমা দিতে হয়। এ সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হলে আরও সাত কার্যদিবস সময় বাড়িয়ে নেওয়ার সুযোগ আইনে রয়েছে।
দুদক সূত্র জানায়, নোটিশ পাওয়ার পর সম্পদ বিবরণী জমা না দিয়ে স্ত্রীর মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করেন সোহেল রানা। আইন অনুসারে তাঁর এ আবেদন গ্রহণযোগ্য নয় বলে দুদকের আইন শাখা মতামত দিয়েছে। আইন শাখা থেকে সোহেল রানার বিরুদ্ধে নন-সাবমিশন মামলা করার সুপারিশ করা হয়।
নির্মাণত্রুটির কারণে ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে সহস্রাধিক লোক প্রাণ হারান। ভারতে পালিয়ে যাওয়ার সময় ওই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে র্যা ব। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
এদিকে, নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে রানার বাবা, মা ও সংশ্লিষ্ট প্রকৌশলীসহ ১৭ জনের বিরুদ্ধে গত বছরের ১৫ জুন মামলা করেছিল দুদক। ওই মামলায় রানাকে আসামি করা হয়নি। প্রায় ১৭ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এ বছরের ১২ এপ্রিল রানার বাবা আবদুল খালেক ও মা মর্জিনা বেগমের বিরুদ্ধে দুটি আলাদা মামলা করে দুদক।