সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের প্রস্তাবে সাড়া দেননি হাসিনা
পাকিস্তানের বিদায়ী রাষ্ট্রদূত আলমগীর বাশার খান বাবর দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের প্রস্তাবে শেখ হাসিনার সরকার সাড়া না দেওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন। ২০০৯ সালের ২০ আগস্ট তিনি সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির কাছে ওই মনোভাব ব্যক্ত করেন।গত ৩০ আগস্ট উইকিলিকসের ফাঁস করা তারবার্তার মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূতের ওয়াশিংটনে পাঠানো এ বার্তাটিও ছিল। গোপন ওই তারবার্তার বিষয় ছিল, ‘পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক এখনো হিমঘরে’।তারবার্তায় বলা হয়, বাবর মার্কিন রাষ্ট্রদূতকে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের তিক্ততা পেছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য পাকিস্তানের প্রস্তাবে কোনো সাড়া দেননি শেখ হাসিনা। বাবর বলেন, তিনি দুই মাস আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাকিস্তান সরকারের একটি প্রস্তাব পৌঁছে দেন। এতে বলা হয়েছিল, পাকিস্তান দীর্ঘদিনের ব্যবধান ঘুচাতে ‘যুক্তিসঙ্গত’ যে কোনো কিছু করতে প্রস্তুত। কিন্তু বাংলাদেশে সরকার এর কোনো জবাব দেয়নি। আক্ষেপ করে পাকিস্তানী রাষ্ট্রদূত বলেন, এর ফলে পাকিস্তান ও বাংলাদেশ তাদের সম্পর্ক উন্নয়নের একটি সুযোগ হারাল।মার্কিন রাষ্ট্রদূত মন্তব্য করেছেন, পাকিস্তানের প্রস্তাব প্রত্যাখ্যানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের মধ্যে পাকিস্তানের প্রতি গভীর অবিশ্বাসেরই প্রতিফলন ঘটেছে। এর মধ্যে অনেক আওয়ামী লীগ নেতার এ বিশ্বাসেরও প্রতিফলন ঘটেছে যে বাংলাদেশের অভ্যন্তরে সক্রিয় বেশ কয়েকটি সন্ত্রাসবাদী সংগঠনকে পাকিস্তানের গোয়েন্দা বাহিনী মদদ দেয়। আওয়ামী লীগ আরও মনে করে, পাকিস্তান সরকার তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিএনপিকে নৈতিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে। মরিয়ার্টি উপসংহারে বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শীতল সম্পর্ক দক্ষিণ এশিয়া ও তার বাইরে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমে সহযোগিতার ক্ষেত্রে একটি লক্ষ্যণীয় ও অব্যাহত প্রতিবন্ধকতা।