সম্পর্ক উন্নয়নের শক্তিশালী পথ রয়েছে: মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক পার্থক্য থাকলেও দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের শক্তিশালী পথ রয়েছে।
গতকাল শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘যুক্তরাষ্ট্রের সমাজ ও সংস্কৃতি’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর আমেরিকান স্টাডিজ (বিএএএস) এবং আমেরিকান সেন্টারের যৌথ উদ্যোগে ৩৫ জন কলেজ পর্যায়ের শিক্ষককে নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালা উদ্বোধনকালে ড্যান ডব্লিউ মজীনা বলেন, এ দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুবই সমৃদ্ধ। কিন্তু ব্যক্তি পর্যায়ে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়নের অনেক সুযোগ রয়েছে। এ ধরনের কর্মশালার মাধ্যমে বাংলাদেশের মানুষ আমেরিকার সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ে জানতে পারবে।
বিএএএসের সভাপতি অধ্যাপক আহমেদ এ জামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।