প্রেমের সম্পর্ক ছিন্ন করায় খাগড়াছড়ি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ইতি চাকমাকে খুন করেন তাঁর সহপাঠী রাজু চাকমা। হত্যাকাণ্ডে তাঁকে সহযোগিতা করেন তুষার চাকমাসহ আরও চার বন্ধু। গতকাল সোমবার বিকেলে খাগড়াছড়ির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সুফিয়ান মো. নোমানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তুষার এসব তথ্য দেন বলে পুলিশ জানিয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি রাতে জেলা সদরের আরামবাগ এলাকায় ভগ্নিপতির ভাড়া বাসায় বোন ও ভগ্নিপতির অনুপস্থিতিতে গলা কেটে হত্যা করা হয় ইতি চাকমাকে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রামের সহযোগিতা নেয় খাগড়াছড়ি জেলা পুলিশ। হত্যার সাড়ে ছয় মাস পর গত রোববার বিকেলে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে তুষার চাকমাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, আদালতে জবানবন্দিতে তুষার বলেছেন, ইতি চাকমার সঙ্গে তাঁর সহপাঠী রাজু চাকমার প্রেমের সম্পর্ক ছিল। রাজু নিয়মিত ইতির কাছ থেকে টাকা নিতেন। একসময় রাজুর অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে সম্পর্ক ছিন্ন করেন ইতি। এর প্রতিশোধ নিতে রাজু তুষারসহ চারজনকে সঙ্গে নিয়ে ইতির ভগ্নিপতির বাসায় ঢুকে তাঁকে গলা কেটে হত্যা করেন। হত্যাকাণ্ডে রাজু চাকমাসহ তিনজন সরাসরি অংশ নেন। অপর দুজন বাসার বাইরে পাহারায় ছিলেন।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, ইতি চাকমা খুনের ঘটনায় তাঁর পরিবারের সদস্যরা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। তুষার চাকমাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খান বলেন, হত্যার সাড়ে ছয় মাস পর এক খুনিকে আটকের মধ্য দিয়ে ইতি চাকমার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন সম্ভব হয়েছে। তিনি আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।