সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ ও মরিশাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চতর প্রতিনিধি পর্যায়ের সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে একমত হয়েছে বাংলাদেশ ও মরিশাস। মরিশাসের প্রেসিডেন্ট আমিনাহ গারিব-ফাকিমের সঙ্গে গত বুধবার পোর্ট সুইসে স্টেট হাউসে সাক্ষাৎ করেন সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় সম্পর্ক উন্নয়নের ব্যাপারে একমত হন তাঁরা। খবর বাসসের।

মাহমুদ আলী বলেন, বাংলাদেশের প্রায় ২২ হাজার কর্মী মরিশাসের অর্থনীতিতে অবদান রাখছে। এ সময় উভয় পক্ষই বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা স্মরণ করেন। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষ থেকে মরিশাসের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান। পাশাপাশি তাঁকে বাংলাদেশ সফরে রাষ্ট্রপতির আমন্ত্রণ পৌঁছে দেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, মরিশাসে বাংলাদেশের হাইকমিশনার এবং অন্য কর্মকর্তারা।

মরিশাসের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের আগে চীনা উদ্যোক্তাদের মালিকানাধীন সিএমটি স্পিনিং মিল পরিদর্শন করেন মাহমুদ আলী। সেখানে ১ হাজার ২০০ বাংলাদেশি নারী শ্রমিক কর্মরত রয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে গত বুধবার ভারত মহাসাগরের এই দ্বীপ দেশটিতে যান।