
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্পর্ক নিবিড় করতে পারস্পরিক জানাশোনা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসনের মতো দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান অত্যন্ত জরুরি।
গতকাল সোমবার দুপুরে প্রথম আলো কার্যালয়ে মিয়ানমারের নাগরিক সমাজের এক প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত দেন।
ওই মতবিনিময় সভায় দুই দেশের সম্পর্ক নিবিড় করতে মত প্রকাশের স্বাধীনতাসহ বিভিন্ন ক্ষেত্রে নাগরিক সমাজের অভিজ্ঞতা বিনিময় এবং প্রথমবারের মতো বাংলাদেশে এসে নিজেদের মুগ্ধতার কথা জানান মিয়ানমারের প্রতিনিধিরা।
রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিব) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে মিয়ানমারের প্রতিনিধিদলটি ১৭ ডিসেম্বর পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছে। আজ মঙ্গলবার সকালে প্রতিনিধিদলটির মিয়ানমারে ফিরে যাওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) ভাইস প্রেসিডেন্ট হুমায়ন কবীর বলেন, রোহিঙ্গা সমস্যার সঙ্গে মিয়ানমারে তাদের নাগরিকত্বের প্রসঙ্গটি জড়িত। সমস্যাটি শুধু মিয়ানমারের নয়, বাংলাদেশেরও। সমন্বিত উপায়ে এই সমস্যার সমাধান না হলে জটিলতা বাড়বে। তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে ২৯ হাজার এবং অনানুষ্ঠানিকভাবে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গার উপস্থিতি আমাদের জন্য বিরাট বোঝা হিসেবে রয়েছে। দুই পক্ষকেই সমস্যার মানবিক দিকটি যেমন বুঝতে হবে, তেমনি এ ব্যাপারে মিয়ানমারের লোকজনকে সংবেদনশীল হতে হবে।’
অর্থনীতিবিদ এবং তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় সমন্বয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, এত কাছের প্রতিবেশী হয়েও একে অন্যের সম্পর্কে না জানাটা অত্যন্ত দুঃখজনক। দুই দেশের সম্পর্কোন্নয়নে সমাজের নানা পেশার মধ্যে যোগাযোগ বাড়াতে হবে। সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না। তিনি বলেন, ‘রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসন একটি সমস্যা। আমাদের এ নিয়ে বেশি বেশি কথা বলতে হবে। কীভাবে সমস্যার সমাধান করা যায়, সেটি খুঁজে বের করতে হবে। এই সমস্যার সমাধান না হলে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা করা সহজ হবে না।’
ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্যের অধ্যাপক থান তুন সেইন বলেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশে আসাটা বেশ সুখকর। ঢাকায় নেমে যেমন এ দেশের উন্নয়ন ও অগ্রগতির ছবিটা নিজের চোখে দেখেছি, বুঝেছি। আর কক্সবাজার ও রামু সফরের পর সেখানকার লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি বিভিন্ন ধর্মের ও বর্ণের লোকজনের সুরক্ষা দিতে সরকারের সক্রিয়তার কথা। আর আজ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনের পর বাংলাদেশ ও তার জনগণের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা আরও বেড়েছে।’
লেখকদের সংগঠন পেন মিয়ানমারের সভাপতি মা থিদা বলেন, ‘মিয়ানমার সংস্কার প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে বলে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গণমাধ্যম কতটা স্বাধীনভাবে এ সময় কাজ করতে পারছে, সেটি দেখার বিষয়। তা ছাড়া সম্পর্কোন্নয়নের কথা যখন বলছি, সে সময় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা এবং স্বাধীনতার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা দরকার। এ ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা মিয়ানমারের জন্য সহায়ক হতে পারে।’ তিনি বলেন, বর্তমান বাস্তবতা এবং একে অন্যের সম্পর্কে জানতে বাংলাদেশ ও মিয়ানমারের সঠিক ও বিশ্বাসযোগ্য তথ্য জানার সুযোগ থাকতে হবে।
মিয়ানমারের ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক জ লিন অং বলেন, দুই দেশের জানাশোনা বাড়ানোর লক্ষ্যে আমাদের পাঠ্যক্রমে বাংলাদেশের ইতিহাসের বিষয়টি যুক্ত করা প্রয়োজন।
শিল্পী ও গবেষক সোয়ে কোকো মিয়ানমারে প্রান্তিক জনগোষ্ঠীর স্বামী পরিত্যক্ত মায়েদের সমস্যার প্রসঙ্গে আলোচনা করেন।
ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, চিরাচরিতভাবে বাংলাদেশের ধর্মীয় সহনশীলতা অনেক দেশের জন্য দৃষ্টান্ত হলেও সম্প্রতি বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা থেকে স্পষ্টত দেখা যায় যে অসহিষ্ণুতা বাড়ছে। তা ছাড়া ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের নজরদারি যখন শুরু হয়, তখন তা নিশ্চয় কোনো শুভ ইঙ্গিত বহন করে না।
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক দিনা সিদ্দিকী এবং রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের (রিব) নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা। মতবিনিময় সভায় প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত প্রশ্নোত্তরে অংশ নেন।