
একাত্তরের স্বাধীনতাযুদ্ধের সময় থেকে দুর্দিন আর সুদিনে বাংলাদেশের পাশে থেকেছে জাপানের জনগণ৷ তাই বাংলাদেশের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে জাপান৷
দুই দেশের এই চমৎকার সম্পর্ক জোরদারের জন্য জাপানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ গতকাল রোববার সন্ধ্যায় টোকিওর আকাসাকা প্রাসাদে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা আটজন জাপানি সুহৃদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান৷ সেখানে জাপানের একদল বিশিষ্ট নাগরিকও উপস্থিত ছিলেন৷ এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সূচনা হলো৷
এর আগে গতকাল দুপুরে চার দিনের সফরে টোকিও পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়৷ প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বেলা একটায় অবতরণ করে৷ জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান৷ বিমানবন্দরের আনুষ্ঠানিকতার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রার মাধ্যমে আকাসাকা প্রাসাদে নিয়ে যাওয়া হয়৷
আকাসাকা প্রাসাদের রাষ্ট্রীয় অতিথি ভবনে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠানের শুরুতে কিছুদিন আগে প্রয়াত বাংলাদেশের বিশিষ্ট জাপানি বন্ধু অধ্যাপক ৎসুইয়োশি নারার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়৷ অধ্যাপক নারার স্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ আরও উপস্থিত ছিলেন ঢাকায় জাপানের সাবেক কয়েকজন রাষ্ট্রদূত, জাপানের নেতৃস্থানীয় কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিশিষ্ট কয়েকজন শিক্ষাবিদ৷ জাপানে এবারই প্রথমবারের মতো সংসদীয় কাঠামোর বাইরে জাপান-বাংলাদেশ মৈত্রী সমিতি গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন তাঁরা৷
ৎসুইয়োশি নারা, তাকাশি হায়াকাওয়া ও জেনারেল ফুজিওয়ারার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শেখ হাসিনা বলেন, ‘তাঁরা চলে গেছেন, কিন্তু তাঁরা চিরকাল আমাদের হৃদয়ে জাগ্রত থাকবেন এবং তাঁদের অবদান সব সময় বাংলাদেশের মানুষকে প্রেরণা জোগাবে৷’
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জন্য ভালোবাসা ও সদিচ্ছায় জাপানের অনেক রাষ্ট্রদূত দায়িত্ব পালন শেষে দেশে ফিরে দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতি জোরদার করতে অব্যাহত প্রয়াস চালিয়ে যাচ্ছেন৷ তিনি নতুন চিন্তাভাবনা ও কর্মপরিকল্পনার মাধ্যমে প্রশংসনীয় এই প্রয়াস অব্যাহত রাখতে তাঁদের প্রতি অনুরোধ জানান৷
জাপানিদের পক্ষ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য সম্মানিত জাপানের আত্মরক্ষা বাহিনীর প্রয়াত লে. জে. ইওয়াচি ফুজিওয়ারার নাতনি কানা তোমিজাওয়া অনুষ্ঠানে বাংলায় গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন৷ প্রধানমন্ত্রী এরপর আমন্ত্রিত অতিথিদের সঙ্গে মিলে বাংলাদেশ দূতাবাসের দেওয়া নৈশভোজে যোগ দেন৷
জাপান সফরের দ্বিতীয় দিনে আজ সোমবার দুপুরে দেশটির সম্রাট আকিহিতোর সঙ্গে তাঁর প্রাসাদে দেখা করতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বিকেলে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে তাঁর দপ্তরে শীর্ষ বৈঠকে যোগ দেবেন তিনি৷ বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি প্রচার করা হবে৷