অংশীদারি সংলাপ: আইএসের বিরুদ্ধে সামরিক অভিযানে বাংলাদেশকে পাশে পেতে যুক্তরাষ্ট্র পুনরায় আগ্রহ দেখালেও তাতে যোগ দেবে না ঢাকা
সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র
নির্বাচন ও সুশাসন নিয়ে মতপার্থক্য সত্ত্বেও ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিবিড় করার আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তা সহযোগিতা বিষয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায় তারা।
তবে সুন্নিপন্থী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সামরিক অভিযানে বাংলাদেশকে পাশে পেতে যুক্তরাষ্ট্র পুনরায় আগ্রহ দেখালেও তাতে যোগ দেবে না বলে জানিয়েছে ঢাকা।
গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে শেষ হওয়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় অংশীদারি সংলাপে মার্কিন প্রশাসন এ মনোভাব প্রকাশ করেছে। দুই দিনের আলোচনায় পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বাংলাদেশের এবং রাজনীতিবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেন। সংলাপ শেষে মার্কিন পররাষ্ট্র দপ্তর যৌথ বিবৃতি প্রচার করেছে।
সংলাপের প্রথম দিন উন্নয়ন ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে গ্রুপ পর্যায়ে আলোচনা হয়। এরপর শেষ দিনের কর্ম-অধিবেশনে দুই পক্ষের দলনেতা নিজেদের অগ্রগতির পর্যালোচনার পাশাপাশি টেকসই উন্নয়ন, সন্ত্রাসবাদ দমন, অভিবাসন ও জলবায়ু পরিবর্তনের মতো দিকগুলোতে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল দুপুরে ওয়াশিংটন থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অংশীদারি সংলাপে ওয়েন্ডি শারমেন এবং পৃথক আরেকটি বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসাওয়াল বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে বিশেষভাবে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অভিহিত করেন। তাঁরা দুজনই ভবিষ্যতে সম্পর্ক আরও সম্প্রসারিত ও নিবিড় করার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচন প্রসঙ্গ: অর্ধেকের বেশি সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া এবং বিএনপির নির্বাচন বর্জনের কারণে ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে মার্কিন কংগ্রেস ও সিনেটের অবস্থানটা সমালোচনামূলক বলে বৈঠক সূত্রে জানা গেছে। ফলে নির্বাচনের পর ঢাকার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কটা কিছুটা হলেও শীতল হয়েছে। কিন্তু এবারের সংলাপে নির্বাচনের পর বিদ্যমান শীতলতা কেটে গেছে বলে দাবি করছেন বাংলাদেশ প্রতিনিধিদলের একাধিক সদস্য। তাঁরা বলেন, দ্বিতীয় অংশীদারত্ব সংলাপে সব দলকে নিয়ে অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের কথা খুব স্পষ্ট করেই বলেছিলেন ওয়েন্ডি শারমেন। পুরো সংলাপে বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে যৌথ বিবৃতিতেও উল্লেখ করা হয়েছিল। অথচ এবারের যৌথ বিবৃতিতে গণতন্ত্র, নির্বাচন ও আইনের শাসনের ব্যাপারে কিছুই বলা হয়নি।
তবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর গতকাল প্রথম আলোকে বলেন, ইতিপূর্বে শক্তিশালী গণতন্ত্রের মডেল হিসেবে বাংলাদেশের যে পরিচিতি ঘটেছিল, তা ৫ জানুয়ারির পর নষ্ট হয়েছে বলে যুক্তরাষ্ট্র মনে করে। তাই গণতন্ত্র আর রাজনীতির প্রসঙ্গগুলো সংলাপে উহ্য থেকেছে। গণতন্ত্র নিয়ে আলোচনা থাকাটা বাংলাদেশের জন্য বাঞ্ছনীয় ছিল। সেটি না হওয়ায় বাংলাদেশের ইতিবাচক অগ্রগতির ধারায় ছেদ পড়েছে। তবে সরাসরি না হলেও নাগরিকদের ব্যাপক অধিকার ও মৌলিক অধিকার সমুন্নত রাখার কথা বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে রাজনৈতিক স্বাধীনতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সংলাপে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধিদলের এক সদস্য এই প্রতিবেদককে জানান, দুই দেশের রাজনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে খুব শিগগির পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ওয়াশিংটন যাবেন। তাঁর সফরের সাফল্যের ওপর নির্ভর করছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঢাকা সফর। সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক না করলেও দুই পক্ষ আগামী জুনের মধ্যে এ সফর আয়োজন করতে আগ্রহী।
প্রসঙ্গত, অংশীদারি সংলাপের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের কূটনীতিকদের যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিবিড় করার নির্দেশ দেন।
নিরাপত্তা সহযোগিতা: যৌথ বিবৃবিতে বলা হয়, দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা গত ১৭ মাসে বৃদ্ধি পেয়েছে। যু্ক্তরাষ্ট্র ইউএসসিজিসি নামের কোস্টগার্ডের আরেকটি জাহাজ আগামী বছর বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা নিয়েছে। বঙ্গোপসাগরে নৌ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সামর্থ্য বৃদ্ধির ব্যাপারে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়। মার্কিন সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বিশেষ কমান্ড বাংলাদেশের একাধিক নিরাপত্তা বাহিনীকে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণে সহায়তা দিচ্ছে। বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ শাখা (এসডব্লিউএডিএস) ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম প্যারা কমান্ডো ব্যাটালিয়ান (পিসিবি) এসব প্রশিক্ষণের অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক প্রতিষ্ঠানে বাংলাদেশিদের অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারি বৃদ্ধির সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে।
গুরুত্ব পেয়েছে আইএস: সংলাপে সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনার সময় দুই পক্ষ বিদ্যমান সহযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করে। বিশেষ করে সন্ত্রাসবাদ দমনের পাশাপাশি ভবিষ্যতে সন্ত্রাসীদের অর্থায়ন রোধে সহযোগিতা বাড়াতে দুই পক্ষ গুরুত্বারোপ করে। জঙ্গি অর্থায়ন রোধের বৈশ্বিক কাঠামো ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) একটি আঞ্চলিক কর্মশালা আয়োজন করা হবে ঢাকায়, আগামী ডিসেম্বরে।
সন্ত্রাসবাদ দমন বিষয়ে আলোচনার সময় আইএসের প্রসঙ্গটি বিস্তারিতভাবে আলোচনায় তোলে মার্কিন প্রতিনিধিদল। ইরাক ও সিরিয়ার কিছু অংশ নিয়ন্ত্রণে নেওয়া কট্টর সুন্নিপন্থী এই গোষ্ঠীকে দমনের প্রয়োজনয়ীতা এবং এ লক্ষ্যে নেওয়া পদক্ষেপের বিষয়গুলো যুক্তরাষ্ট্র উল্লেখ করে। এ সময় বাংলাদেশকে আইএসবিরোধী অভিযানে পেতে নিজেদের আগ্রহের কথা বিস্তারিতভাবে জানায় যুক্তরাষ্ট্র।
আইএসবিরোধী সামরিক অভিযানে যোগ দিতে বাংলাদেশকে কোনো রকম চাপ দেওয়ার কথা অস্বীকার করেন পররাষ্ট্রসচিব শহীদুল হক। তবে তিনি বলেন, অংশীদারি সংলাপে আইএসবিরোধী অভিযানে বাংলাদেশকে পাশে পেতে যুক্তরাষ্ট্র পুনরায় আগ্রহ দেখায়। এ ব্যাপারে সরকারের অবস্থান তুলে ধরে বৈঠকে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে, এ ধরনের অভিযানে এই মুহূর্তে বাংলাদেশের যাওয়া সম্ভব নয়। ইরাক ও সিরিয়ায় কোনো মানবিক কর্মসূচি নেওয়া হলে বাংলাদেশ তাতে যুক্ত হবে। এ মাসের শুরুতে আইএসবিরোধী অভিযানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অনুরোধ ফিরিয়ে দিয়েছিল বাংলাদেশ।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশে সক্রিয় নাগরিক সমাজের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে। এ প্রসঙ্গে দুই পক্ষ ব্যাপকতর নাগরিক অধিকার ও মৌলিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে নাগরিক সমাজের অবদান সুরক্ষার কথা বলে। দুই দেশ আগামী দিনের সহযোগিতা সম্প্রসারিত করতে কিছু ক্ষেত্র চিহ্নিত করে। এ ক্ষেত্রে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক করিডর, আন্তসীমান্ত জোরদারের পদক্ষেপ, তৈরি পোশাক খাত, জ্বালানি সহযোগিতা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া দুই দেশের সংলাপে প্রথমবারের মতো ক্রমবর্ধমান সাইবার অপরাধের ঝুঁকি মোকাবিলায় সহযোগিতার কথা বলা হয়েছে।