মিয়ানমারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গত বছরের নির্বাচনে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী বাংলাদেশ। মিয়ানমারের সঙ্গে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক প্রতিষ্ঠার মনোভাব জানিয়ে দেশটির স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির কাছে বার্তা পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক আজ বুধবার পাঁচ দিনের সফরে মিয়ানমার যাচ্ছেন। তিনি কাল বৃহস্পতিবার নেপিডোতে অং সান সু চির হাতে শেখ হাসিনার চিঠি পৌঁছে দেবেন।

জানতে চাইলে শহীদুল হক গতকাল মঙ্গলবার তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, ‘নিকট প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে সম্পর্ককে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। মিয়ানমারের উন্নয়নের অংশীদার হয়ে আমরা দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে চাই। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে চাই। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মিয়ানমারকে এই বার্তা পৌঁছে দেওয়া হবে।’

পররাষ্ট্রসচিব বলেন, তিনি বৃহস্পতিবার নেপিডোতে অং সান সু চি ছাড়াও মিয়ানমারের সশস্ত্র বাহিনীর প্রধান মিন অং লাং ও পররাষ্ট্রসচিব উ অং লিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রায় পাঁচ দশক পর মিয়ানমারে গণতান্ত্রিক পালাবদলের কারণে অনেক আশাবাদ সৃষ্টি হয়েছে। এই পট পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে মিয়ানমারের সঙ্গে আন্তরিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ।

বছর দুয়েক ধরে রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসন ও নিরাপত্তার মতো ‘স্পর্শকাতর’ বিষয়গুলোকে একটু দূরে সরিয়ে আস্থা স্থাপনের মাধ্যমে দুই নিকট প্রতিবেশীর সম্পর্ককে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ। এ জন্য সাংস্কৃতিক বিনিময় ও মানবিক সহায়তা কার্যক্রমের মতো বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে। গত বছর মিয়ানমারে বন্যার পরপরই সেখানকার দুর্গত মানুষের জন্য মানবিক সাহায্য পাঠায় বাংলাদেশ।