সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার বার্তা নিয়ে আসছেন সি চিন পিং
ঢাকা-বেইজিং সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বার্তা নিয়ে আজ শুক্রবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দুই দিনের সফরে ঢাকায় আসছেন। সফরকালে তিনি বাংলাদেশের নেতাদের সঙ্গে আলোচনায় সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর পাশাপাশি তাঁর উন্নয়ন কৌশল ‘এক অঞ্চল, এক পথ’ বাস্তবায়নে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে গুরুত্ব দেবেন।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল বৃহস্পতিবার তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, সি চিন পিংয়ের সফরে ২৫টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। এ সফর বন্ধুত্বের স্মারক এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচনের পথে এক ঐতিহাসিক নবযাত্রার সূচনা করবে।
সি চিন পিং তাঁর উন্নয়ন কৌশল ও রূপরেখা ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ (এক অঞ্চল, এক পথ) বাস্তবায়নে বাংলাদেশকে পাশে পেতে চান। এই উন্নয়ন-প্রক্রিয়ায় যুক্ত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন মাত্রা যুক্ত হবে। তাঁর ঢাকা সফরে দুই দেশের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে, তার একটি হবে ‘এক অঞ্চল, এক পথ’ নিয়ে।
সি চিন পিংয়ের সফরে বাংলাদেশের ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগে যুক্ত হওয়ার বিষয়ে কোনো ঘোষণা আসছে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আলোচনা হচ্ছে।
চীনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েন হতে পারে বলে বিদেশি গণমাধ্যমে প্রকাশিত এক খবর সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এটা মনে করি না। সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়—বঙ্গবন্ধুর প্রদর্শিত এই মূলনীতির প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কাজেই এ ধরনের কিছু হওয়ার সুযোগ নেই। আমরা কারও সঙ্গে শত্রুতা চাই না, বৈরিতা চাই না।’
সফরসূচি: আজসকালে কম্বোডিয়া থেকে বিশেষ বিমানে ঢাকায় আসছেন সি চিন পিং। আজ সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিকেল তিনটায় সি চিন পিং প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন। তিনি সেখানে শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন। ওই বৈঠকের পাশাপাশি তাঁদের দুজনের একান্তে আলোচনার কথা রয়েছে। এরপর হোটেল লা মেরিডিয়ানে চীনের প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আলাদা আলাদাভাবে দেখা করবেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে দেখা করবেন সি চিন পিং। পরে সেখানে তাঁর সম্মানে রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে যোগ দেবেন।
কাল শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন সি চিন পিং। এরপর তিনি ভারতের গোয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন।