প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী পরামর্শ সভা
সম্পর্ক বন্ধুত্বপূর্ণ না হলে সন্তানেরা হতাশায় ভোগে

বিশেষজ্ঞরা বলেছেন, মা-বাবার সঙ্গে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ না হলে সন্তানেরা হতাশায় ভোগে। প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৬৫ সভায় বিশেষজ্ঞরা এ কথা বলেন। গতকাল শনিবার ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। বিশেষজ্ঞরা বলেন, সন্তানেরা হতাশা থেকে মাদকাসক্ত হওয়ার পাশাপাশি নানা অসামাজিক কাজে জড়িয়ে পড়ে। পরস্পরের সম্পর্ক এমন হবে, যাতে সন্তানেরা মা-বাবাকে সবকিছু খুলে বলে। গতকালের পরামর্শ সভায় বেশ কিছু মাদকাসক্ত রোগীকে পরামর্শও দেওয়া হয়। কয়েকজন রোগী ও অভিভাবক বলেছেন, এ আসরে সহজে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া যায়। এটি প্রথম আলো ট্রাস্টের ভালো উদ্যোগ। প্রথম আলো ট্রাস্ট এ মাদকবিরোধী আন্দোলন পরিচালনা করে। প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের ৬০তম আসর থেকে ব্যক্তিগতভাবে সমস্যার ধরন অনুযায়ী মনোরোগ চিকিৎসকের পরামর্শ দেওয়া শুরু হয়েছে। বিনা মূল্যে এই সেবা পেতে +৮৮০১৭১৬২৪২২১৫ নম্বরে যোগাযোগ করে অথবা অনুষ্ঠানে সরাসরি হাজির হয়েও নাম তালিকাভুক্ত করা যায়।
প্রথম আলো ট্রাস্টের প্রধান পরিচালন কর্মকর্তা আজিজা আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আহমেদ হেলাল, মেখলা সরকার, ফারজানা রহমান ও মো. জিল্লুর রহমান খান রোগীদের পরামর্শ দেন।