সম্পর্ক মেনে না নেওয়ায় তরুণ-তরুণীর আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা-মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন রাজশাহী কলেজের ছাত্র রেজাউল করিম। চিরযাত্রায় রেজাউল সঙ্গে নিয়েছেন তাঁর প্রেমিকাকে। গত বুধবার তারা বিষপানে আত্মহত্যা করে। পারিবারিক সূত্র জানায়, রেজাউল করিম রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি নগরের মতিহার থানার রনোহাটে। বাবার নাম নূর আলম। প্রেমিকা নাসরিন নগরের বিনোদপুর ইসলামিয়া কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ত। তার বাড়ি মতিহার থানার হরিয়ান উত্তরপাড়ায়। বাবার নাম মহসিন আলী। নাসরিনের পরিবারিক সূত্র জানায়, তিন বছর আগে রেজাউলের সঙ্গে নাসরিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে নাসরিনের বাবা রেজাউলের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান। কিন্তু ছেলেমেয়ের পড়াশোনা শেষ না হওয়ায় এবং নাসরিন দরিদ্র পরিবারের হওয়ায় রেজাউলের পরিবার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এ সময় দুই পরিবার থেকেই তাদের সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়। এর পরও রেজাউল প্রায়ই নাসরিনের সঙ্গে দেখা করার চেষ্টা করতেন। মাস তিনেক আগে বিষয়টি ছেলের বাবা নূর আলমকে জানাতে গেলে তিনি অপমান করে তাড়িয়ে দেন বলে নাসরিনের বাবা অভিযোগ করেন। কিন্তু গত বুধবার রেজাউল ফোন করে নাসরিনকে তাঁর সঙ্গে দেখা করতে বলেন। তারপর আর তাদের খুঁজে পাওয়া যায়নি। বিকেল চারটার দিকে রেজাউলদের বাড়ির পাশে একটি পুকুরপাড়ে অচেতন অবস্থায় তাদের পাওয়া যায়। দুজনের মুখেই বিষের গন্ধ ছিল। সঙ্গে সঙ্গে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মতিহার থানার উপপরিদর্শক মারুফ হোসেন বলেন, প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ার কারণে বাবা-মায়ের ওপর অভিমান করে তারা বিষ পান করে। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।