সম্পর্ক 'নতুন উচ্চতায়' নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করে তা নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী যুক্তরাষ্ট্র। রাজনীতিবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি টমাস শ্যানন গত শুক্রবার তাঁর দপ্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে এ আশাবাদের কথা জানিয়েছেন।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে।
বৈঠকে টমাস শ্যানন বলেন, বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। গণতন্ত্রের প্রতি ব্যাপক অঙ্গীকার অব্যাহত রেখেছে বাংলাদেশ, যা মার্কিন সরকারেরও অন্যতম প্রধান আদর্শ। দুই দেশের সম্পর্ক শক্তিশালী করে নতুন উচ্চতায় নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন মার্কিন আন্ডার সেক্রেটারি।
শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার এটাই সবচেয়ে চমৎকার সময়। এ সময় তিনি দুই দেশের মধ্যে নিরাপত্তা, বাণিজ্য, সন্ত্রাসবাদ দমন, গোয়েন্দা তথ্য বিনিময়সহ নানা ক্ষেত্রে সহযোগিতার উল্লেখ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও মার্কিন আন্ডার সেক্রেটারি আইএসের বৈশ্বিক হুমকি, জলবায়ু পরিবর্তন এবং সম্প্রতি বাংলাদেশে বিদেশি ও ব্লগার হত্যাসহ দুই পক্ষের অভিন্ন উদ্বেগের বিষয় নিয়ে আলোচনা করেন।