সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চাই: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের সঙ্গে চলমান সুসম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় ভারত। আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা তাঁর এমন মনোভাবের কথা জানান। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়ে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আমরা এ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’ সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের দেওয়া একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে হাইকমিশনার বলেন, শেখ হাসিনার সরকারকে ভারত সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে। গত সাত বছরে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি ও প্রবৃদ্ধি ৬.৫৫ শতাংশ অর্জনের প্রশংসা করে হর্ষ বর্ধন বলেন, এটা সত্যিই অসাধারণ অর্জন।
২০২১ সালে মধ্য আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হতে বাংলাদেশের লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, এটা অর্জন সম্ভব। দুই দেশের জনগণের মধ্যে যাতায়াত বাড়াতে সীমান্তে আরও চেকপোস্ট বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন হাইকমিশনার।
বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ হিন্দিসহ ভারতের অন্যান্য ভাষায় অনুবাদ করার আগ্রহ প্রকাশ করেন হাইকমিশনার। ভারতে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির কথা তুলে ধরেন হাইকমিশনার।
সার্ক স্যাটেলাইট চালুর বিষয়টি তুলে ধরে হর্ষবর্ধন বলেন, বাংলাদেশ এতে যোগদান করতে পারে। জ্বালানি খাতে ভারতীয় কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহী বলে জানান হাইকমিশনার।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে তাঁকে সব ধরনের সহযোগিতার করার ব্যাপারে আশ্বস্ত করেন। প্রধানমন্ত্রী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ভারতের অবদানের কথা স্মরণ করেন। হাইকমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৬৫ সালের আগে থাকা বাংলাদেশের সঙ্গে ভারতের স্থল রুটগুলোর চালুর ওপর গুরুত্বারোপ করেন। বিদ্যুতের সমস্যা সমাধানে ভারত, নেপাল ও ভুটানের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। সীমান্ত চুক্তির জন্য ভারতের সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও প্রেস সচিব ইহসানুল করিম।