সম্পর্কবহির্ভূত কিডনি প্রতিস্থাপনে বাণিজ্য উৎসাহ পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ বলেছেন, মৃত ব্যক্তির কিডনি নিয়ে তা প্রতিস্থাপনের বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। কোনো অবস্থাতেই সম্পর্কবহির্ভূত সুস্থ ব্যক্তির কিডনি প্রতিস্থাপন উৎসাহিত বা অনুমোদন করা যাবে না। সম্পর্কবহির্ভূত কিডনি প্রতিস্থাপন শুরু হলে অঙ্গপ্রত্যঙ্গ বাণিজ্য উৎসাহ পাবে। একবার শুরু হলে তা মোকাবিলা করা সম্ভব হবে না।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে কিডনি রোগ বিষয়ে গোলটেবিল বৈঠকে বিশিষ্ট এই কিডনি চিকিৎসক এসব কথা বলেন। বেসরকারি সংগঠন কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। কিডনি দিবস উপলক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। ৯ মার্চ বিশ্ব কিডনি দিবস।
অধ্যাপক হারুন অর রশিদ বলেন, জরিপে দেখা গেছে, মানুষ কিডনি দান করতে চায়। তিনি বলেন, ১৯৮২ সালে দেশে প্রথম কিডনি প্রতিস্থাপন হয়। নিয়মিত প্রতিস্থাপন শুরু হয় ১৯৮৮ সাল থেকে। তখন থেকে এ পর্যন্ত দেশে প্রায় দুই হাজার কিডনি প্রতিস্থাপনে অস্ত্রোপচার হয়েছে। দেশে এখন ৯৬টি কেন্দ্রে ডায়ালাইসিসের সুযোগ আছে।
বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, স্থূলতা কিডনি রোগের ঝুঁকি বাড়ায়। দেশে কিডনি রোগের প্রকোপ আগে থেকেই বেশি। সম্প্রতি স্থূলতার প্রকোপও বাড়ছে। এসবের প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্যাম্পসের সাধারণ সম্পাদক শাহীন রেজা নূর। মূল উপস্থাপনায় ক্যাম্পসের সভাপতি অধ্যাপক এম এ সামাদ বলেন, দেশের প্রায় এক-চতুর্থাংশ মানুষ স্থূলকায়। স্থূলতার সঙ্গে কিডনি রোগের সম্পর্ক সরাসরি। বাড়তি ওজন সরাসরি কিডনির ছাঁকনি নষ্ট করে দেয়। অন্যদিকে বাড়তি ওজনের কারণে সৃষ্ট ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ কিডনি বিকল হওয়ার অন্যতম কারণ।
নির্ধারিত আলোচক পরিবেশবাদী সংগঠন বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ফসলে, ফলে বা শাকসবজিতে দেওয়া কীটনাশক ও রাসায়নিকের কারণে মানুষ অসুস্থ হয়, কিডনি নষ্ট হয়। এ ব্যাপারে সরকারের ওপর চাপ তৈরি করার জন্য তিনি চিকিৎসকদের অনুরোধ করেন।
গোলটেবিল বৈঠকে অন্যান্যের মধ্যে জাতীয় দলের সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু নেফ্রোলজি বিভাগের অধ্যাপক রণজিৎ রঞ্জন রায় প্রমুখ বক্তব্য দেন।