সম্পর্কে পরিবর্তন হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে দেশটির বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনো পরিবর্তন হবে না।
বাসস জানায়, গতকাল সোমবার রাজধানীর বনানীতে সেতু ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মার্শা বার্নিকাট। পরে সেতু ভবনে আরেকটি অনুষ্ঠানে একই কথা বলেনওবায়দুল কাদের।
রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিদ্যমান পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হবে না। বরং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগামী দিনে আরও বৃদ্ধি পাবে।
আওয়ামী লীগের কাউন্সিলে সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানাতে এসেছেন উল্লেখ করে বার্নিকাট বলেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি, গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।
যুক্তরাষ্ট্র সব সময়ই বাংলাদেশের পাশে রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র আশা করে, বাংলাদেশে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। ভবিষ্যতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আরও বাড়বে।
বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের সেতু ভবনে ১৭টি সেতুসহ কিছু অবকাঠামো নির্মাণ প্রকল্পের পরামর্শক নিয়োগে চুক্তি সই অনুষ্ঠানে অংশ নেন। সেখানে সাংবাদিকেরা বার্নিকাটের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমেরিকান অ্যাম্বাসেডর যে কথাটা বলেছেন আমাদের সঙ্গে, যিনিই প্রেসিডেন্ট হোন, যে গভর্নমেন্টই ক্ষমতায় আসুন, আমাদের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। আমিও বলতে চাই, আমেরিকায় যে সরকার বা যিনিই প্রেসিডেন্ট হোন না কেন, বাংলাদেশের সঙ্গে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনো পরিবর্তন হবে না।’
যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে এক প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি উৎফুল্ল হলে হতেই পারে, এটা তাদের নিজেদের ব্যাপার। আমি জানতাম, ভারতে নরেন্দ্র মোদি যখন জিতে যাচ্ছেন, জিতেছেন তখনো এ রকমই তাঁদের উৎফুল্ল হতে শুনেছি। বাকিটা বলতে চাই না। তখন আমি বলেছিলাম, ইলেকশন হচ্ছে ভারতে আমরা কেন এত উৎফুল্ল হচ্ছি, প্রয়োজন আছে কি? এর কোনো দরকার নেই।’।