টাঙ্গাইলে শিশু জুয়েল হাসানকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার আবদুর রহিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তিনি জুয়েলকে হত্যার কথা স্বীকার করেছেন।
গত বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতের বিচারক শেখ সামিদুল ইসলাম আবদুর রহিমের জবানবন্দি লিপিবদ্ধ করেন।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ জানান, আবদুর রহিম স্বীকোরোক্তিতে বলেছেন, জুয়েলের মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। এ সম্পর্কে বাধা হয়ে দাঁড়াত জুয়েল। এ কারণে কয়েক মাস ধরে তিনি জুয়েলকে হত্যার পরিকল্পনা করেন। ঘটনার দিন রাতে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে একা পেয়ে জুয়েলকে ধরে নিয়ে যান। পরে তাকে হত্যা করে লাশ ধানখেতে ফেলে রাখেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ নভেম্বর টাঙ্গাইল সদর উপজেলার মাগুরাটা গ্রামের এম ওবায়দুর রহমানের ছেলে জুয়েল হাসান (৬) বাড়ির পাশে ওয়াজ মাহফিলে যায়। রাতে বাড়ি ফিরে না আসায় তাকে অনেক জায়গায় খোঁজ করা হয়। সকালে চোখ ওপড়ানো অবস্থায় গ্রামের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জুয়েলের বাবা বাদী হয়ে পরদিন টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের অভিযুক্ত করা হয়। মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে। তারা ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত জুয়েলের গ্রামের আবদুর রহিমকে বৃহস্পতিবার ভোরে আটক করে। জিজ্ঞাসাবাদে জুয়েলকে হত্যার কথা স্বীকার করেন রহিম।