সম্পর্কের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদ যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রদূত পিটার হাসকে ফুল দিয়ে স্বাগত জানান প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান
ছবি: খালেদ সরকার

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল ও বহুমাত্রিক। দুই দেশের এই বন্ধুত্ব, অংশীদারত্ব আর সম্পর্কের বর্তমান ও ভবিষ্যতের বিষয়ে যথেষ্ট আস্থা আছে যুক্তরাষ্ট্রের।

আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলো কার্যালয়ে এসে দুই দেশের সম্পর্ক নিয়ে এমন আশাবাদের কথা শোনালেন ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত পিটার হাস প্রথম আলো কার্যালয় পরিদর্শনে আসেন। তাঁকে স্বাগত জানান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তিনি মার্কিন রাষ্ট্রদূতকে প্রথম আলোর বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান এবং কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর প্রথম আলোর সম্মেলনকক্ষে পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পিটার হাস

মতবিনিময়ের পর এক উপস্থাপনায় মার্কিন রাষ্ট্রদূতের সামনে প্রথম আলোর কার্যক্রম তুলে ধরা হয়। একটি ভিডিও চিত্রও দেখানো হয় তাঁকে।

পিটার হাস প্রথম আলো কার্যালয় পরিদর্শনে আসার ঠিক এক দিন আগে, অর্থাৎ ৪ এপ্রিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করেছে। দুই দেশের সম্পর্কের পাঁচ দশক পূর্তির প্রসঙ্গটি উল্লেখ করে ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘দুই দেশ যখন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন করছে, ঠিক তার এক দিন পর বিশ্বে বাংলা ভাষায় শীর্ষ অনলাইন, বাংলাদেশের শীর্ষ দৈনিক, প্রভাবশালী এবং নিরপেক্ষ পত্রিকার কার্যালয়ে আসতে পারাটা আমার জন্য একটা চমৎকার বিষয়। প্রথম আলোতে আসার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের বিশেষভাবে ধন্যবাদ।’

দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎটা কেমন—জানতে চাইলে পিটার হাস বলেন, ‘দুই দেশের সম্পর্ক ও বন্ধুত্ব এখনকার মতো ভবিষ্যতেও চমৎকার থাকবে বলে আমি আশাবাদী। দুই দেশের অংশীদারত্ব এবং বন্ধুত্বের বিষয়ে আমার যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। এই সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল এবং বহুমাত্রিক। ভবিষ্যতেও এখনকার ধারায় মতপ্রকাশের স্বাধীনতা, সংগঠিত হওয়ার স্বাধীনতাসহ নানা ক্ষেত্রে অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশা করি।’

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নিয়ে আশাবাদের পাশাপাশি বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের দিকে যে যুক্তরাষ্ট্রের দৃষ্টি থাকবে, তা–ও উল্লেখ করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘বাংলাদেশের আগামী নির্বাচন যাতে অবাধ ও স্বচ্ছ হয়, তা নিয়ে আমাদের প্রত্যাশা আছে। ওই নির্বাচনে বাংলাদেশের জনগণ নিজেদের মতামতের প্রতিফলন ঘটানোর জন্য ভোটে অংশ নিতে এবং নিজেদের পছন্দের সরকার গঠন করতে পারবেন বলে আশা রাখি। দুই দেশের অংশীদারত্ব এবং বন্ধুত্বের বিষয়ে আমার যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে।’

মাত্র এক মাস আগে ঢাকায় আসা এই মার্কিন কূটনীতিকের কাছে ভালো লাগা ও মন্দ লাগার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই প্রশ্ন যখন করছেন, তখন বিকট শব্দে গাড়ির হর্ন শোনা যাচ্ছে। কাজেই যানজট যে আমার পছন্দের নয়, সেটা আর বলার অপেক্ষা রাখে না। যদিও এর আগে মুম্বাই, জাকার্তা মিলিয়ে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি যানজটের তিনটি শহরে আমার কাজ করার সুযোগ হয়েছে।’

মার্কিন রাষ্ট্রদূত হিসেবে এক মাস বাংলাদেশে থাকার পর এখানকার লোকজনের উষ্ণতা আর আতিথেয়তা মুগ্ধ করেছে পিটার হাসকে। তিনি বলেন, ‘লোকজনের আতিথেয়তা অসাধারণ। আশা করি, আগামী কয়েক বছর এখানকার মানুষের হৃদয়ের এই উষ্ণতা আমি উপভোগ করব।’