সম্পর্কের নতুন মাত্রা বজায় রাখতে চায় ঢাকা ও বেইজিং
>* আগামী কয়েক মাসে একাধিক বৈঠক * এক অঞ্চল, এক পথের সম্মেলনে আমন্ত্রণ
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ঢাকা সফরে ঢাকা-বেইজিং সম্পর্কের ক্ষেত্রে ঘনিষ্ঠতায় নতুন যে মাত্রা সূচিত হয়েছে, তা ধরে রাখতে চায় দুই দেশ। বিশেষ করে রাজনৈতিক ও কৌশলগত পর্যায়ে সহযোগিতা বাড়াতে যেসব সিদ্ধান্ত হয়েছে, তা বাস্তবায়নে ধারাবাহিকতা রেখে পদক্ষেপ নেওয়ার ওপর দুই দেশ জোর দিচ্ছে।
এ জন্য দুই দেশের কর্মকর্তারা ওই সফরের সময় সই হওয়া চুক্তি ও সমঝোতা স্মারক এবং বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রাধিকারমূলক খাত ঠিক করার ওপর জোর দিচ্ছেন। বিশেষ করে যোগাযোগ, সমুদ্র অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে আগামী কয়েক মাসের মধ্যে দুই পক্ষ আলোচনায় বসছে।
চিন পিংয়ের কৌশলগত অবকাঠামো প্রতিষ্ঠার উদ্যোগ ‘এক অঞ্চল, এক পথ’ বাস্তবায়নে ইতিমধ্যে বাংলাদেশ যুক্ত হয়েছে। মে মাসে বেইজিংয়ে অনুষ্ঠেয় এক অঞ্চল, এক পথ-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের ছয় মন্ত্রীকে। এক অঞ্চল, এক পথের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে অর্থ, শিল্প, বাণিজ্য, সড়কযোগাযোগ ও সেতু, পররাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রীকে।
গত সোমবার পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে দুই দেশের সম্পর্কের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত মা মিং ছিয়াং।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, তাঁদের দুজনের আলোচনায় সি চিন পিংয়ের ঢাকা সফরে নেওয়া সিদ্ধান্তগুলোকে পথরেখা ধরে সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। তাঁরা দুই শীর্ষ নেতার বৈঠকের সিদ্ধান্ত পর্যালোচনার বিষয়ে বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রসচিবদের বৈঠক, সামুদ্রিক অর্থনীতিতে সহযোগিতার বিষয়ে এপ্রিলের দ্বিতীয়ার্ধে বেইজিংয়ে আলোচনা এবং মে মাসে এক অঞ্চল, এক পথ নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশ নেওয়ার প্রসঙ্গে কথা বলেছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের পর দুই দেশের পররাষ্ট্রসচিবদের বৈঠকটি হতে পারে। এপ্রিলে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ছাড়া এপ্রিলের দ্বিতীয়ার্ধে দুই দেশের মধ্যে সমুদ্র অর্থনীতি নিয়ে সই হওয়া সমঝোতা স্মারক অনুসারে সহযোগিতার ক্ষেত্র ঠিক করার বিষয়ে বেইজিংয়ে প্রথম বৈঠকটি হওয়ার কথা রয়েছে।
ঢাকার কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বাংলাদেশ সফরকে ঢাকা-বেইজিং সম্পর্কের বাঁক পরিবর্তনের নতুন মোড় হিসেবে দেখছে দুই পক্ষ। বিশেষ করে, বাংলাদেশে চীনের কোনো প্রেসিডেন্টের প্রথম সফরে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে যে গতি এসেছে, তা ধরে রাখার ব্যাপারে চীনের বিশেষ গুরুত্ব রয়েছে। চীনের প্রেসিডেন্ট ঢাকা সফর শেষে দেশে ফিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে বিশেষ নির্দেশনা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ওই সফরে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দ্রুত পর্যালোচনায় বসতে আগ্রহী ঢাকায় চীনা দূতাবাস। প্রস্তাবিত ওই আলোচনার সময় অক্টোবরের শীর্ষ বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো থেকে অগ্রাধিকারমূলক খাতগুলো বেছে নেওয়ার কথা ভাবছে দুই দেশ।
সি চিন পিংয়ের ঢাকা সফরের পর জানুয়ারির শুরুতে ঢাকায় যাত্রাবিরতি করেছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উয়ি। এক সপ্তাহের জন্য আফ্রিকা সফরের শুরুতে তিনি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক তাঁর সঙ্গে দেখা করেন। ওই সময় তাঁরা সি চিন পিংয়ের সফর-পরবর্তী পদক্ষেপের বিষয়ে কথা বলেন। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উয়ি।
১৪ ও ১৫ অক্টোবর চীনের প্রেসিডেন্টের সফরের সময় ১৬টি চুক্তি ও সমঝোতা স্মারক এবং ১১টি ঋণ-সংক্রান্ত বাণিজ্য চুক্তি—সব মিলিয়ে ২৭টি দলিল সই হয়েছে। ঋণ-সংক্রান্ত ১১টি বাণিজ্য চুক্তির বেশ কয়েকটি পুরোনো এবং কয়েকটি নতুন। এ ছাড়া বিভিন্ন খাতে যেই ১৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে, তা বাস্তবায়নের জন্য দুই দেশের কর্মকর্তাদের নিয়ে যৌথ গ্রুপ গঠনের কাজ চলছে।