সম্পর্কের বিষয়টি উপেক্ষিত ভারতের গণমাধ্যমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি উপেক্ষিত ভারতের গণমাধ্যমে। তা ছাড়া এক দেশ সম্পর্কে অন্য দেশের মানুষের যথার্থ ধারণা নেই। এ ধারণা পরিবর্তনে গণমাধ্যমকে দায়িত্ব নিতে হবে। ভারতের উন্নয়নের স্বার্থেই বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক সংলাপে দুই দেশের জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মীরা এ অভিমত দেন। বাংলাদেশ-ভারত সংলাপের দ্বিতীয় দফা আলোচনার অংশ হিসেবে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সংলাপের আয়োজন করা হয়। আলোচনার আয়োজন করে ফ্রেন্ডস অব বাংলাদেশ। সংলাপের শুরুতে সূচনা বক্তব্য দেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। চলচিত্র নির্মাতা ও ফ্রেন্ডস অব বাংলাদেশের সভাপতি গৌতম ঘোষ ও দি ডেইলি স্টার-এর নির্বাহী সম্পাদক সৈয়দ বদরুল আহসান সংলাপের শুরুতে আলোচনার প্রতিপাদ্য তুলে ধরেন। সংলাপে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল। দি ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে নেওয়া সিদ্ধান্তে নতুন দিগন্তের সূচনা হয়েছিল। ওই সফরে ঐতিহাসিক যে সুযোগ সৃষ্টি হয়েছিল, তা কাজে লাগানো হয়নি। জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান বলেন, ‘মৌলবাদের উত্থান রোধে বাংলাদেশে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। অথচ ভারতের গণমাধ্যমে বাংলাদেশের এসব বিষয় নিয়ে তেমন আলোচনা চোখে পড়ে না।’ সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, সীমান্তের ছোট ছোট ঘটনা বাংলাদেশে ভারতবিরোধী মনোভাবকে উসকে দেয়। চলচিত্র নির্মাতা গৌতম ঘোষ বলেন, দুই দেশের জনগণের বেশির ভাগই তাদের সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতন নয়। রাজনীতিবিদেরা তাঁদের স্বার্থে এ পরিস্থিতির সুযোগ নেন।টাইমস অব ইন্ডিয়ার সহযোগী সম্পাদক শঙ্কর রঘুরমন বলেন, বাংলাদেশ মানে অনেক ভারতীয়র কাছে ‘অনুপ্রবেশকারী’; তেমনি বাংলাদেশের অনেক মানুষই মনে করে, ভারত মানে ‘বলপ্রয়োগকারী’। এক দেশ সম্পর্কে অন্য দেশের মানুষের এ দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের চেয়ারম্যান আক্তার সুলতানা ও শিক্ষক রোবায়েত ফেরদৌস, দিল্লির সাপ্তাহিক মেইনস্ট্রিম-এর সম্পাদক সুমিত চক্রবর্তী, দিল্লিতে প্রথম আলোর প্রতিনিধি সৌম্য বন্দ্যোপাধ্যায়, আগরতলার ডেইলি দেশের কথার সম্পাদক গৌতম দাস, জ্যেষ্ঠ সাংবাদিক হারুন হাবিব, টাইমস নাউ চ্যানেলের দিল্লির ব্যুরোপ্রধান শান্তনু ঘোষ এবং দৈনিক সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামান।