সম্পর্কোন্নয়নে জানা-বোঝার প্রক্রিয়া জোরদার করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্পর্ক জোরদারের জন্য একে অন্যের সম্পর্কে অজ্ঞতা দূর করতে হবে। জানা-বোঝার প্রক্রিয়া জোরদার করতে হবে। সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক যোগাযোগ বাড়াতে হবে।
গতকাল রোববার ব্র্যাক ইনে বাংলাদেশ ও মিয়ানমারের সম্পর্ক নিয়ে এই সেমিনার হয়। বক্তারা আরও বলেন, দুই প্রতিবেশীর সম্পর্কের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করতে নাগরিক সংগঠনগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের (রিব) যৌথ আয়োজনে সেমিনারে বাংলাদেশ ও মিয়ানমারের ইতিহাসবিদ, সামাজিক বিজ্ঞানের গবেষক ও মানবাধিকারকর্মীরা বক্তব্য দেন। বক্তারা অমীমাংসিত সমস্যা নিরসনে দুই দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগ বাড়ানোর তাগিদ দেন। সেমিনারের সমাপনী অধিবেশন সঞ্চালনা করেন রিবের নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা।
সমাপনী অধিবেশনে ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্যের অধ্যাপক থান তুন সেইন বলেন, ‘দুই দেশের সম্পর্ক জোরদারের ক্ষেত্রে উগ্র জাতীয়তাবাদ ও ধর্মীয় অসহিষ্ণুতা যাতে বাধার সৃষ্টি করতে না পারে, সে জন্য আমাদের সহযোগিতা বাড়াতে হবে।’
ব্র্যাকের জ্যেষ্ঠ পরামর্শক আফসান চৌধুরী বলেন, প্রতিবেশী নিয়ে অজ্ঞতা দূর করতে হবে। নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি একে অন্যের সম্পর্কে আরও জানতে হবে। লেখকদের সংগঠন পেন মিয়ানমার সেন্টারের প্রেসিডেন্ট মা থিদা দুই প্রতিবেশীর সম্পর্ক এগিয়ে নিতে মানবাধিকার সংগঠনগুলোকে কাজে লাগিয়ে আইনি সংস্কারের ওপর জোর দেন। এ ক্ষেত্রে তিনি দুই দেশের বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা এগিয়ে নেওয়ার কথা বলেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক দিনা সিদ্দিকী বলেন, দুই দেশের সম্পর্কের স্বার্থে গভীর ঐতিহাসিক জ্ঞানের প্রয়োজন।
সকালে সেমিনারের উদ্বোধনী অধিবেশনের সূচনা বক্তৃতায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাদ আন্দালিব বলেন, এখন সময় এসেছে দুই দেশের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা।
ওই অধিবেশনে নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ বিশেষজ্ঞ ভিলেম ভ্যান শেন্ডেলের উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। তাঁর পাঠানো লিখিত বক্তব্য পড়ে শোনানো হয়। এতে তিনি আশা করেন, সেমিনারের মাধ্যমে দুই দেশের গবেষক, চিন্তাবিদ ও মানবাধিকারকর্মীদের জানা-বোঝার পরিমাণ বাড়বে।
সেমিনারে মা থিদা বলেন, দীর্ঘ কয়েক দশকের সামরিক শাসনের ফলে মিয়ানমারের গণমাধ্যমের মধ্যে সেলফ সেন্সরশিপ তৈরি হয়েছে। সেখানে এখনো বেসরকারি খাতের কোনো দৈনিক পত্রিকা নেই। বেসরকারি খাতের টেলিভিশনগুলোর মালিক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ধনী পরিবারগুলো। ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যম এখনো বন্ধ। ফলে সেখানে একমাত্র ব্লগ এবং এসএমএসের মাধ্যমে তথ্য আদান-প্রদানের সুযোগ ছিল।
মা থিদা বলেন, মিয়ানমারে এমন কথা জনপ্রিয় যে ‘আইন সরকারকে রক্ষা করে, আর সরকার আইনকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করে।’ কত সাংবাদিক ও সম্পাদক কারাগারে আছেন, তার কোনো হিসাব নেই।