বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ নেটওয়ার্ক এবং বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ধ্যান-ধারণার পরিবর্তন অপরিহার্য। দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য জোরদারের জন্য প্রক্রিয়াগত জটিলতা দূর করতে হবে। আর যোগাযোগ নেটওয়ার্ক সম্প্রসারণে ভারতের বিশেষ কোনো অঞ্চলে মনোযোগ নিবদ্ধ না করে উপ-আঞ্চলিক প্রেক্ষাপটকেও বিবেচনায় নিতে হবে।
গতকাল রোববার বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে বক্তারা এই অভিমত দেন। ঢাকায় ভারতীয় হাইকমিশনের সহায়তায় ইন্দো-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) রাজধানীর একটি হোটেলে দ্বিপক্ষীয় সহযোগিতার একটি নতুন পর্যায় ‘যোগাযোগ ও দ্বিপক্ষীয় বিনিয়োগ’ শীর্ষক দিনব্যাপী এ আলোচনার আয়োজন করে।
উদ্বোধনী অধিবেশনের পর আইবিসিসিআইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশেষ উপদেষ্টা আবদুল মাতলুব আহমাদের সভাপতিত্বে যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠা ও সীমান্ত হাটের ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনা নিয়ে কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করতে গিয়ে সীমান্ত হাট প্রসঙ্গে সংশয়বাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘বর্তমানে দুটি সীমান্ত হাট (বর্ডার হাট)। ত্রিপুরা ও মেঘালয়ে আরও চারটি সীমান্তহাট করার প্রক্রিয়া চলছে। কিন্তু এসব করে কী লাভ হলো? আমরা হিসাব করে দেখেছি, এসব হাটে দুই কোটি ডলারের বাণিজ্য হয়, যা দুই দেশের মোট বাণিজ্যের ১ শতাংশের এক-তৃতীয়াংশ। একুশ শতকের সমস্যাকে আমরা উনিশ শতকের দৃষ্টিভঙ্গি দিয়ে সমাধানের চেষ্টা করছি। তিনি দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে দীর্ঘমেয়াদি নীতির ভিত্তিতে দ্বিপক্ষীয় বাণিজ্যের সমস্যাগুলো দূর করার তাগিদ দেন।
তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান দীপু মনি বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে দেশের একটি রাজনৈতিক দল ও গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, ‘যখনই ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে, ওই দলটি ও গণমাধ্যম দুঃখজনকভাবে আমাদের সমালোচনা করেছে।’
অবশ্য ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং সিপিডির নির্বাহী পরিচালকের সঙ্গে সুর মিলিয়ে বলেন, সম্পর্ক জোরদারের জন্য দুই দেশকে ঔপনিবেশিক ধ্যান-ধারণা পাল্টাতে হবে। ব্যবসার প্রক্রিয়া সহজতর করতে হবে। একটি কাজের জন্য ২০টি দপ্তরে যাওয়া আর ২৫টি ফাইলে সই করার প্রক্রিয়া থেকে বের হয়ে আসতে হবে। ভারতের সঙ্গে বাণিজ্য করতে হলে বাংলাদেশকে উত্তর-পূর্ব অঞ্চল দিয়েই ঢুকতে হবে। তাই ওই অঞ্চলকে ভারতের দরজা হিসেবেই দেখা উচিত।
ভারতের নবনির্বাচিত সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশীর উন্নতির সঙ্গে ভারতের উন্নতি জড়িয়ে আছে। আর পারস্পরিক সুফল না পেলে অগ্রযাত্রা অর্থবহ হবে না। ব্যবসা কখনো একপক্ষীয় হয় না, দ্বিপক্ষীয় হতে হবে।
উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমানও দুই দেশের সস্পর্কের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পক্ষে মত দেন। তিনি বলেন, ‘বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতে পণ্য পরিবহনের কথা উঠলেই আমাদের মনে অন্য চিন্তা আসে। এ ধরনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বৈরিতাগুলো দূর করতে হবে। পরস্পরের প্রতি আস্থার ঘাটতি থাকলে যত চুক্তিই সই করি না কেন, তা শুধু কাগুজে দলিল হয়েই থাকবে।’
কর্ম অধিবেশনে ত্রিপুরা রাজ্যের বাণিজ্যসচিব এম নাগারজু বলেন, ভারতকে হুমকি হিসেবে দেখার কিছু নেই। বরং ভারতকে একটি বড় বাজার হিসেবেই দেখা উচিত। দুই দেশের ব্যবসায়ীদের যৌথ বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
মেঘালয় রাজ্যের মুখ্য সচিব পি ডব্লিউ ইংতি বলেন, মেঘালয়ের রপ্তানিকারকদের অনেক সময় রপ্তানির অর্থ পেতে হয়রানির শিকার হতে হয়। বাংলাদেশ ব্যাংককে তাঁর কারণ খুঁজে বের করতে হবে। তিনি মনে করেন, দুই দেশের স্থলবন্দরের আশপাশেই পণ্যের মান পরীক্ষার ল্যাব থাকা প্রয়োজন। এতে দুই দেশের আমদানি-রপ্তানিকারকদের লাভ হবে।
উদ্বোধনী অধিবেশনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন বলেন, ভি কে সিং তাঁর প্রথম বিদেশ সফরে ঢাকায় এলেন। এ থেকে প্রমাণিত হয়, ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। ব্যবসা ও বিনিয়োগের কী কী সম্ভাবনা আছে, তা যাচাই করে দেখতে বাংলাদেশের ব্যবসায়ীদের ভারতের বিভিন্ন শহর ঘুরে দেখা উচিত। তাঁর মতে, দুই দেশের ব্যবসায়ীরা বিনিয়োগ ও উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন। আর ভারতের কাঁচামালের সাহায্যে বাংলাদেশে উৎপাদিত পণ্য রপ্তানির মাধ্যমে বাণিজ্য বৈষম্য দূর করার ক্ষেত্রে ঢাকাকে সহযোগিতা করতে পারে দিল্লি।
মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারের বিষয়টি শুধু অর্থনীতি ও বাণিজ্য নয়, আস্থা ও আত্মবিশ্বাসের প্রেক্ষাপট থেকে বিবেচনায় নিতে হবে। দুই প্রতিবেশীর সঙ্গে সম্পর্কোন্নয়নকে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট থেকেও দেখতে হবে।
দুপুরের অধিবেশনে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ সালমান জায়েদি, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যোগাযোগ বিশেষজ্ঞ নজরুল ইসলাম এবং ভারতের অভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষের পরিচালক এস কে বি রেড্ডি।
সকালে উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন ত্রিপুরা রাজ্যের বাণিজ্য ও শিল্পমন্ত্রী তপন চক্রবর্তী, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমেদ, আইসিসির সভাপতি রুপেন রায় ও মহাপরিচালক রাজীব সিং এবং আইবিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ আলী।