সম্পর্কোন্নয়ন ও মনমোহনের সফরের প্রস্তুতি প্রাধান্য পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি বণ্টন, সীমান্ত সমস্যার সমাধান, নিরাপত্তা, বাণিজ্য ও বিদ্যুৎ বিষয়ে সহযোগিতার বিষয়গুলো নিয়ে আগামীকাল মঙ্গলবার আলোচনায় বসছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রসচিবেরা। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি এ বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফর। আগস্টের শেষদিকে মনমোহন ঢাকা আসতে পারেন বলে উভয় দেশের সূত্র গতকাল প্রথম আলোকে জানিয়েছে।পররাষ্ট্র মন্ত্র্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকালের বৈঠকে যোগ দিতে ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও আজ দুপুরে ঢাকায় আসছেন। হোটেল রূপসী বাংলায় (সাবেক ঢাকা শেরাটন) অনুষ্ঠেয় এই বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস। বাংলাদেশ-ভারত পররাষ্ট্রসচিব পর্যায়ের শেষ বৈঠকটি ২০০৮ সালের জুলাই মাসে দিল্লিতে অনুষ্ঠিত হয়। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো গতকাল রোববার প্রথম আলোকে জানিয়েছে, ভারতীয় লোকসভার বর্ষাকালীন অধিবেশন শেষে বাংলাদেশে আসবেন মনমোহন সিং। লোকসভার ওই অধিবেশন জুলাইয়ের মাঝামাঝি শুরু হয়ে মধ্য আগস্ট পর্যন্ত চলার কথা রয়েছে। জানা গেছে, মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের আগে আগামী মাসে ঢাকায় আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা। ভারতের প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির অংশ হিসেবেই ঢাকায় আসবেন তিনি। বাংলাদেশ সফরের সময় নিরূপমা রাওয়ের আনুষ্ঠানিক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুজন উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। তিন দিনের ঢাকা সফর শেষে তিনি আগামী বুধবার দিল্লি ফিরে যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল এ প্রতিবেদককে জানান, দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয় নিয়ে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হবে। এ ছাড়া গত বছরের দিল্লি শীর্ষ বৈঠক ও সাম্প্রতিক সময়ে বিভিন্ন সচিবপর্যায়ের বৈঠকের সিদ্ধান্তও আগামীকালের বৈঠকে পর্যালোচনা করা হবে। দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ‘সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক বিশেষ পর্যায়ে উন্নীত হয়েছে। তাই এ সম্পর্ককে এগিয়ে নিতে নতুন কী পদক্ষেপ নেওয়া যায় বৈঠকে তা পর্যালোচনা করা হবে।’ওই কর্মকর্তা আরও জানান, সীমান্তের অমীমাংসিত সমস্যা, অভিন্ন নদীর পানি বণ্টনে চুক্তি, নিরাপত্তা, বিদ্যুৎ ও বাণিজ্যসহ দ্বিপক্ষীয় সহযোগিতার সব বিষয়ে আলোচনা হবে। জানা গেছে, ছিটমহল বিনিময়, অপদখলীয় জমি হস্তান্তর ও সাড়ে ছয় কিলোমিটার সীমানা চিহ্নিত করা, তিস্তার পানি বণ্টন চুক্তি সই বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে। ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরে তিস্তার পানি বণ্টনে দীর্ঘ প্রতীক্ষিত চুক্তি সইয়ের পাশাপাশি কয়েক দশকের অমীমাংসিত সীমান্ত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এ দুটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন দুই দেশের কর্মকর্তারা। ভারতের দেওয়া ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ইতিমধ্যেই বেশ কিছু প্রকল্প নির্বাচিত করে তার একটি তালিকা ভারতের কাছে পাঠানো হয়েছে। বৈঠকে এগুলোর অগ্রগতি নিয়েও আলোচনা হবে। জেআরসির বৈঠক ঢাকায়: তিস্তার পানি বণ্টনে একটি চুক্তি সইয়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ও ভারত। মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগেই খুঁটিনাটি চূড়ান্ত করতে চায় বাংলাদেশ। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ চলতি মাসেই ঢাকায় যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক আয়োজনে আগ্রহী। জেআরসির বৈঠকে ভারতের পানিসম্পদমন্ত্রী সালমান খুরশিদকে আমন্ত্রণ জানাতে পানিসম্পদসচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামানের নেতৃত্বে বাংলাদেশের তিন সদস্যের এক প্রতিনিধিদল গতকাল রোববার সকালে দিল্লি গেছে। জানা গেছে, দুই দিনের ভারত সফরের সময় বাংলাদেশের প্রতিনিধিদল চুক্তির খুঁটিনাটি বিষয় নিয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিস্তার পাশাপাশি ফেনী নদীর পানি বণ্টনেও চুক্তি সইয়ের বিষয়ে গত জানুয়ারিতে মতপার্থক্য দূর করেছে দুই প্রতিবেশী দেশ।