সাধারণ সম্পাদকের পদ নিয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগে অস্থিরতা দেখা দিয়েছে। গত ২৪ জানুয়ারি হাসিবুল হাসান ওরফে লাবলুর মৃত্যুতে এ পদটি শূন্য হয়। গত ১৩ মার্চ জেলা আওয়ামী লীগের সভায় লাবলুর ছোট ভাই কার্যনির্বাহী কমিটির সদস্য মনিরুল হাসান ওরফে মিঠুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক থাকা সত্ত্বেও কার্যকরী কমিটির সদস্য মিঠুকে ওই দায়িত্ব দেওয়ায় সৃষ্টি হয় জটিলতা। ফলে জেলা আওয়ামী লীগের কার্যক্রমে দেখা দিয়েছে চরম স্থবিরতা। এমনকি গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সারা দেশে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও ফরিদপুরে কোনো কর্মসূচি ছিল না।জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, সাধারণ সম্পাদকের পদ পূরণ নিয়ে দলে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত জটিলতার সৃষ্টি করেছে। তিনিসহ তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক কাজে সক্রিয় থাকা সত্ত্বেও কতিপয় অতি উৎসাহী নেতা কার্যনির্বাহী কমিটির ৫০ নম্বর সদস্যকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ায় এই জটিলতার সৃষ্টি হয়েছে। অন্য দুজন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শাহ আলম মুকুল ও সমীর বোস। শনিবারের সভা প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহেব সরোয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কাজী জায়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদের জন্য সমির বোস, শাহ আলম মুকুল ও মনিরুল হাসান মিঠুর নাম প্রস্তাব করা হয়। তাঁদের মধ্যে মিঠু সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জেলা আওয়ামী লীগের দ্বিতীয় যুগ্ম সম্পাদক শাহ আলম মুকুল এ বিষয়ে বলেন, ‘মিঠুকে যদি গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত করা হয়, তবে আমি স্বাগত জানাই। আর যদি তা না হয় তবে আমরা সেদিন সঠিক সিদ্ধান্ত নিইনি।’দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৫-এর গ ধারা অনুযায়ী সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে তাঁর সব কাজ ও দায়িত্ব পালনের ভার নামের ক্রমানুসারে যুগ্ম সাধারণ সম্পাদকের ওপর এবং যুগ্ম সাধারণ সম্পাদকেরা অনুপস্থিত থাকলে তাঁদের সব দায়িত্ব ক্রমানুসারে বিভাগীয় সম্পাদকের ওপর ন্যস্ত থাকবে।তবে দলের কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ বলেন, সংখ্যাগরিষ্ঠ সদস্যের উপস্থিতিতে জেলা কমিটির সভায় সৈয়দ মাসুদের নাম কেউ প্রস্তাবই করেনি। সৈয়দ মাসুদ আওয়ামী লীগের কমিটির ওপর আনুগত্য প্রদর্শন করেননি, আগের কোনো সভাতেই যোগ দেননি। এ প্রসঙ্গে মাসুদ হোসেন বলেন, ‘ইতিপূর্বে জেলা কমিটির কোনো সভাই নোটিশ করে আহ্বান করা হয়নি। চিঠি দিয়ে আহ্বান করা হয়েছে কি না তা আমি জানি না। তবে আমি কোনো চিঠি পাইনি। শনিবারের সভার চিঠি পেয়েছি ও যোগ দিয়েছি।’ সভায় সাধারণ সম্পাদক হিসেবে তাঁর নাম প্রস্তাব না করা প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ সম্পাদকের শূন্যপদ পূরণের ক্ষেত্রে দলীয় গঠনতন্ত্রে এ জাতীয় কোনো বিধান নেই।জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদিন দাবি করেন, গঠনতন্ত্রে যুগ্ম সম্পাদকদের যেমন দায়িত্ব দেওয়ার বিধান আছে, আবার না দেওয়ারও বিধান আছে। জেলা কমিটির সভায় সর্বসম্মতভাবে মিঠুকে নির্বাচিত করা হয়েছে। এতে দলীয় গঠনতন্ত্র লঙ্ঘিত হয়নি।এ বিষয়ে মিঠু প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি পরিবারতন্ত্রের মতো হয়ে গেলেও দল আমার ওপর এক গুরুভার চাপিয়ে দিয়েছে। আমি দলের সবাইকে নিয়ে নিষ্ঠার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করব।’