সম্পাদক-বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করবে বিশেষ কমিটি
সংবিধান সংশোধনের বিষয়ে সংবাদপত্রসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও বুদ্ধিজীবীদের মতামত নেবে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটি। এ জন্য আগামী মঙ্গলবার গণমাধ্যমের সম্পাদক ও বুধবার বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করবে বিশেষ কমিটি।গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে বিশেষ কমিটির কো-চেয়ারম্যান ও মুখপাত্র সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। তিনি বলেন, সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। আর সংবিধান সংশোধনে তাদের মতামত নেওয়া হবে না, তা হতে পারে না। এ জন্য কমিটি সিদ্ধান্ত নিয়েছে, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পাদকদের মতামত নেবে। পাশাপাশি দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের মতামতও নেওয়া হবে।আওয়ামী লীগের প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে: সুরঞ্জিত সেনগুপ্ত আরও জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব প্রস্তাব দিয়েছেন, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তবে সব প্রস্তাব গ্রহণ করা হবে, এটাও বলা যাবে না। তিনি বলেন, ‘আদালতের রায় ও সাংবিধানিক সীমারেখার মধ্যেই আমাদের কাজ করতে হবে। সব বিবেচনায় নিয়ে সবার মতামত পর্যালোচনা করবে বিশেষ কমিটি।’বিশেষজ্ঞ ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কমিটির তিন দিনের ধারাবাহিক বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে কমিটির মুখপাত্র বলেন, সবার মতামত নেওয়ার পর কমিটি তা পর্যালোচনা করবে। এরপরই কমিটি প্রতিবেদন চূড়ান্ত করবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী সংসদ অধিবেশনে তা বিল আকারে উপস্থাপন করা হবে।সিপিবির লিখিত মতামত: সুরঞ্জিত বলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সংবিধান সংশোধনে দলীয় মতামত দিতে চেয়েছে। কিন্তু সংসদে প্রতিনিধিত্ব না থাকায় বৈঠকে আমন্ত্রণ জানিয়ে তাঁদের মতামত নেওয়া সম্ভব হচ্ছে না। তবে তাঁদের লিখিত মতামত নেবে কমিটি। তিনি বলেন, ‘সিপিবি একটি প্রাচীন রাজনৈতিক দল। তারা মতামত দিতে চাইলে বিশেষ কমিটি অসম্মান করবে না।’বিএনপি পুনর্বিবেচনা করলে তাদের মতামতও নেওয়া হবে: প্রধান বিরোধী দল বিএনপি বিশেষ কমিটির কাছে মতামত দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করলে তাদের মতামতও নেওয়া হবে বলে জানান সুরঞ্জিত। বিএনপিকে আবার আমন্ত্রণ জানানো হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘একবার আমন্ত্রণ জানালে তাকে ‘দূরভিসন্ধিমূলক’ বলা হয়েছে। এরপর আর কী শব্দ আছে জানি না। তবে তাঁরা মতামত দিতে চাইলে আসতে পারেন।’