প্রথম আলোর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
সম্পাদককে অব্যাহতি, লেখককে পাঁচ হাজার টাকা জরিমানা
আদালত অবমাননার দায়ে প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালতের কাঠগড়ায় তাঁর দাঁড়িয়ে থাকার সময়কেও দণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে প্রথম আলোর সম্পাদককে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আদালত ভবিষ্যতে এ ধরনের লেখা প্রকাশ বা আদালতের কর্তৃত্ব ও বিচারকদের নিয়ে আক্রমণাত্মক মন্তব্য না করতে মিজানুর রহমান খানকে সতর্ক করে দেন।
সংবিধানের ১০৮ অনুচ্ছেদবলে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। রায়ে বলা হয়, নিঃশর্ত ক্ষমা চাওয়ায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলো।
রায়ে বলা হয়, সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান একটি হলফনামা উপস্থাপন করেছেন। যদিও তিনি নিজে ওই নিবন্ধ লিখেননি এবং সর্বোচ্চ আদালতের মর্যাদাহানি তাঁর উদ্দেশ্য ছিল না। তিনি জানিয়েছেন যে এই আদালতের প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং মানুষের কাছে এই আদালতের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন করতে কখনোই চাননি। তিনি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী এবং আদালতের মর্যাদা তুলে ধরার ক্ষেত্রে তিনি নিজেও সাংবাদিক হিসেবে তাঁর লেখার মাধ্যমে অবদান রেখেছেন।
রুল জারির প্রেক্ষাপট তুলে ধরে আদালত বলেন, কোনো ব্যক্তি বিচারকের মর্যাদা রক্ষা নয়, বিচারব্যবস্থার মর্যাদা সমুন্নত রাখতেই এই রুল জারি করা হয়েছে।
রায়ে আরও বলা হয়, মিজানুর রহমান খান নিজেই উপলব্ধি করেছেন, মানহানিকর ও চরম অবমাননাকর নিবন্ধটি লিখে তিনি গুরুতর আদালত অবমাননা করেছেন এবং এর জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। যদিও ক্ষমাটা চেয়েছেন অনেক দেরিতে। তাই বেশি সাজা না দিয়ে তাঁকে শুধু পাঁচ হাজার টাকা জরিমানা করা হলো।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এটা সর্বজনস্বীকৃত যে নাগরিকদের কাছে মতামত প্রকাশের প্রধান মাধ্যম হচ্ছে গণমাধ্যম। এটা বলা হয়ে থাকে যে গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম রক্ষাকবচ। কারণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কার্যকারিতার জন্য সমালোচনা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অন্য অনেক অধিকারের মতো এই অধিকারও নিঃশর্ত নয়। বিচার বিভাগের ওপর থেকে আস্থা চলে গেলে বিচার প্রশাসনও অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে।
আদালত রায়ে বলেন, এটা প্রত্যাশিত যে প্রথম আলোর মতো একটি বিখ্যাত দৈনিক এবং অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া গণমাধ্যমের স্বাধীনতার নামে আদালতের কর্তৃত্ব নিয়ে কোনো লেখা বা মন্তব্য প্রকাশের ক্ষেত্রে ভবিষ্যতে আরও সতর্ক হবে।
গত ২৮ ফেব্রুয়ারি মিজানুর রহমান খানের লেখা ‘মিনিটে একটি আগাম জামিন কীভাবে?’ শীর্ষক একটি উপসম্পাদকীয় প্রথম আলোর খোলা কলম পাতায় প্রকাশিত হয়। ওই লেখা প্রকাশের পর আদালত অবমাননার অভিযোগে ২ মার্চ প্রথম আলোর সম্পাদক ও যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে রুল দেন হাইকোর্ট। একই সঙ্গে মিজানুর রহমান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
চার দিনের শুনানি শেষে কিছু পর্যবেক্ষণসহ গতকাল আদালত এ রায় দেন। আদালতে প্রথম আলোর পক্ষে শুনানি করেন শাহদীন মালিক।
একই আদালত ১২ মার্চ সমকাল ও নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক, প্রকাশক এবং সাত সাংবাদিক নেতাকে আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি দেন। গতকাল রায় প্রদানের আগে আদালত বলেন, নিঃশর্ত ক্ষমা চাওয়ার পরিপ্রেক্ষিতে তাঁদের অব্যাহতি দেওয়া হয়। বিচারাধীন বিষয়ে বিবৃতি প্রদান ও তা প্রকাশের মাধ্যমে আদালত অবমাননার অভিযোগে গত ৯ মার্চ আদালত তাঁদের বিরুদ্ধে রুল দেন।