সম্পাদককে প্রত্যাহারের দাবি একাংশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন জেলা কমিটির সভাপতি পক্ষের নেতা-কর্মীরা।
গত সোমবার বিকেলে সভাপতি নাসের রহমান সমর্থকেরা মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে মিজানুর রহমানকে মেনে নেবেন না বলে জানান।
দলীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেলা কমিটির সাবেক সভাপতি এম নাসের রহমানকে সভাপতি এবং সাবেক ছাত্রনেতা ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বৃহস্পতিবার এই কমিটিকে অনুমোদন দেন। ৩০ দিনের মধ্যে এ কমিটির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করার কথা রয়েছে।
মিজানুর রহমানকে দলের মধ্যে একজন কনিষ্ঠ কর্মী ও সরকারের দালাল আখ্যায়িত করে গত সোমবার বিকেলে নাসের রহমানের সমর্থকেরা জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের শমশেরনগর রোড থেকে শুরু হয়ে শহরের এম সাইফুর রহমান সড়কের হামিদিয়া পয়েন্টে গিয়ে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, মিজানুর রহমান জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খালেদা রব্বানীর অনুসারী নেতা। ২০০৯ সাল থেকে মৌলভীবাজার জেলা বিএনপি দুভাগে বিভক্ত। এত দিন ধরে জেলা কমিটির সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বে একটি অংশ এবং খালেদা রব্বানীর নেতৃত্বে অন্য অংশ দুই ভাগ হয়ে দলের কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ বিষয়ে এম নাসের রহমান গতকাল মঙ্গলবার বলেন, ‘তাঁকে (মিজানুর রহমান) সাধারণ সম্পাদক মানি না। সে ছাত্রদল থেকে সরাসরি জেলা কমিটির সাধারণ সম্পাদক হয়ে গেছে। তাঁর থেকে অনেক সিনিয়র নেতা রয়েছেন। সিনিয়র নেতার নাম দিয়েছি সাধারণ সম্পাদক পদের জন্য। বাদ দিয়ে তাঁকে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘নাসের রহমান সাহেব ৫০-৬০ জন লোক দিয়ে মিছিল করিয়েছেন। কমিটিতে পক্ষ-বিপক্ষ বলে তো কিছু নেই। সবাই দলের লোক। দলের পক্ষের। সবাইকে নিয়ে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করা হবে।’