সাধারণ সম্পাদককে বহিষ্কার ও চারজন নতুন সদস্য গ্রহণ নিয়ে বিপাকে পড়েছে ফরিদপুর কোতোয়ালি আওয়ামী লীগ। এ অবস্থা থেকে মুক্তি পেতে দলের গঠনতন্ত্র অনুযায়ী জেলা কমিটির অনুমোদনের জন্য ওই দুটি বিষয়ে নতুন করে প্রস্তাব নিয়েছে দলের নির্বাহী কমিটি।দল এবং গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১১ মাস আগে দল থেকে বহিষ্কার করা হয় ফরিদপুর কোতোয়ালি আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক অমিতাভ বোসকে। গত বৃহস্পতিবার তাঁকেই আবার বহিষ্কার করা হয় কার্যকর কমিটির সভা করে। বৃহস্পতিবার দুপুরে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে কোতোয়ালি আওয়ামী লীগের সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি খলিফা কামালউদ্দীন। সভা আহ্বানও করেন তিনি। ওই সভায় অন্যদের মধ্যে শ্রমমন্ত্রীর ভাই খন্দকার মোহতেশাম হোসেন উপস্থিত ছিলেন।সভা সূত্রে জানা গেছে, ওই সভায় দলের সাধারণ সম্পাদককে বহিষ্কার ও খন্দকার মোহতেশাম হোসেনসহ যে চারজন নতুন সদস্য দুই বছর আগে নেওয়া হয়েছে (কো-অপ্ট) হয়েছে তা জেলা আওয়ামী লীগের অনুমোদনের জন্য প্রস্তাবনা গ্রহণ করা হয়। ওই বৈঠক সম্পর্কে অমিতাভ বোস প্রথম আলোকে বলেন, ‘ওটি অবৈধ ও ষড়যন্ত্রমূলক সভা। সভায় একতরফা সিদ্ধান্ত হয়েছে।’ তিনি অভিযোগ করেন, দলের সদস্য না হয়েও শ্রমমন্ত্রীর ভাই ওই সভায় যোগ দিয়েছেন। সভায় কাউকে কথা বলতে দেওয়া হয়নি। দল বর্তমানে গঠনতন্ত্র ও সাংগঠনিকভাবে চলছে না—দাবি করে তিনি বলেন, ভূমি দস্যুরা দলকে চর দখলের মতো দখল করে কব্জা করতে চাইছেন। পাশাপাশি নিবেদিতপ্রাণ কর্মীদের নিঃশেষ করে দেওয়ার গভীর চক্রান্ত চলছে।পৌর নির্বাচনের আগে অমিতাভকে বহিষ্কারের কথা নিশ্চিত করে কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি খলিফা কামালউদ্দীন বলেন, তাঁকে বহিষ্কার করা হলেও গঠনতন্ত্র অনুযায়ী জেলা কমিটিকে অনুমোদন করতে হয়। কিন্তু ওই সময় বিষয়টি প্রস্তাব আকারে জেলা কমিটিতে পাঠানো হয়নি। একইভাবে খন্দকার মোহতেশাম হোসেনসহ যে নতুন চারজন সদস্য নেওয়া হয়েছে সে ব্যাপারেও জেলা কমিটির অনুমোদন নেওয়া হয়নি। ফলে দুটি বিষয়ে প্রস্তাব গ্রহণের জন্য বৃহস্পতিবারের সভা আহ্বান করা হয়। সাধারণ সম্পাদককে দিয়ে না ডাকিয়ে সভাপতি আহ্বান করা প্রসঙ্গে তিনি বলেন, ‘কোতোয়ালি আওয়ামী লীগ মন থেকেই সাধারণ সম্পাদককে বহিষ্কার করেছে, তাই তাঁকে দিয়ে সভা আহ্বান করানো হয়নি।’ জেলা কমিটির অনুমোদনের আগে খন্দকার মোহতেশামসহ চার নতুন সদস্য নিয়ে সভা করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তাঁদের মন থেকেই গ্রহণ করে নিয়েছি।’জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীন এ বিষয়ে প্রথম আলোকে বলেন, কোতোয়ালি আওয়ামী লীগের ওই দুটি সিদ্ধান্তের প্রস্তাব তিনি এখনো পাননি। পেলে তা জেলা কমিটির সভায় উপস্থাপন করা হবে।