সম্পাদকেরা ভালোভাবে খতিয়ে না দেখে 'ওকালতি' করেছেন: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দৈনিক আমার দেশ, দিগন্ত ও ইসলামিক টেলিভিশনের বিরুদ্ধে সরকার যে পদক্ষেপ নিয়েছে, এর সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতার কোনো সম্পর্ক নেই। দেশের শীর্ষ ১৫ জন সম্পাদক বিষয়টি ভালোভাবে খতিয়ে না দেখে ‘ওকালতি’ করেছেন। গতকাল সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। আমার দেশ, দিগন্ত ও ইসলামিক টেলিভিশনের বিরুদ্ধে সরকারের নেওয়া পদক্ষেপ প্রসঙ্গে গত শনিবার দেশের ১৫টি জাতীয় দৈনিকের সম্পাদক একটি বিবৃতি দেন। বিবৃতিতে এই তিনটি প্রতিষ্ঠান চালু ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি চাওয়া হয়। ওই বিবৃতির পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনে সরকারের অবস্থান ব্যাখ্যা করা হয়।

১৫ জন সম্পাদকের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘মাহমুদুর রহমানের মতো কলঙ্কজনক ব্যক্তির পক্ষে সাফাই গাওয়া সংবাদপত্রের জন্য মঙ্গলজনক নয়। এতে গণমাধ্যমকর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।’ তিনি এই তিনটি প্রতিষ্ঠানের পক্ষে ‘ওকালতি’ না করার অনুরোধ জানান।

তথ্যমন্ত্রী বলেন, আমার দেশ-এর ছাপাখানায় হ্যাকিংয়ের যন্ত্রপাতি পাওয়া গেছে। সেগুলো জব্দ করার অধিকার সরকারের আছে। ছাপাখানায় তল্লাশি শেষ হওয়ার আগে সেখান থেকে সংবাদপত্র প্রকাশ করা যাবে না। তবে যে পদ্ধতিতে অন্য ছাপাখানা থেকে পত্রিকা প্রকাশ করা যায়, সেই পদ্ধতিতে আমার দেশ ছাপা হতে পারে। তথ্যমন্ত্রী বলেন, দিগন্ত ও ইসলামিক টেলিভিশনের বিরুদ্ধে সরকার কোনো মামলা করেনি। তাদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তারা চিঠির জবাব দিয়েছে। জবাব সন্তোষজনক হলে এই চ্যানেল দুটি আবার সম্প্রচারে যেতে পারবে। হাসানুল হক অভিযোগ করেন, ৫ মে ঢাকায় হেফাজতের নামধারীদের সন্ত্রাসী তাণ্ডব ও ধ্বংসযজ্ঞ চলার সময় দিগন্ত ও ইসলামিক টেলিভিশন উসকানিমূলক সম্প্রচার চালিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে পরীক্ষা-নিরীক্ষা করে মন্ত্রণালয় দেখতে পায়, তারা সংবাদ প্রচারের শর্ত ভঙ্গ করেছে।আমার দেশ পত্রিকা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, পত্রিকাটি ধর্মীয় উন্মাদনা ও অশান্তিতে উসকানি দিয়ে গেছে। পত্রিকা ও পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, এর সবগুলো ফৌজদারি আইনে অপরাধ।

১৫ সম্পাদকের উদ্দেশে তথ্যমন্ত্রী প্রশ্ন করেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি, অশান্তি তৈরিতে উসকানি দেওয়া, সাইবার হ্যাকিং কি অপরাধ নয়? এ ধরনের অপরাধীরা কি আইনের ঊর্ধ্বে থাকবে?’