সম্পূরক অভিযোগপত্র গ্রহণের শুনানি ২ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান এ দিন ধার্য করেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গত ২৩ সেপ্টেম্বর অধিকতর তদন্ত শেষে সম্পূরক অভিযোগপত্র দেয়। আদালত বাদীর উপস্থিতিতে সম্পূরক অভিযোগপত্র গ্রহণের শুনানির জন্য দিন ধার্য করেন।
আদালত সূত্র বলেছেন, সিআইডি অধিকতর তদন্ত শেষে আগের অভিযোগপত্রের ১১ জনসহ নতুন সাতজনকে অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে। নয়জনকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। অভিযোগপত্রভুক্ত চার আসামিকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন সাখাওয়াত হোসেন ওরফে চঞ্চল, আমিনুল ইসলাম ওরফে হাবিব, সোহেল মাহমুদ ওরফে সোহেল ভুইয়া, চুন্নু মিয়া, আরিফ হোসেন, সাহিদুল ইসলাম, ইব্রাহিম খলিল উল্লাহ, জাহাঙ্গীর মণ্ডল, ফাহিমা ইসলাম, রফিকুল ইসলাম চৌধুরী, শরীফ উদ্দিন চৌধুরী ওরফে পাপ্পু, তুহিন রহমান ওরফে ফাহিম, সৈয়দ মুজতবা আলী, মোহাম্মদ রাশেদ মাহমুদ, সাইদুল ইসলাম, সুজন হাওলাদার, দেওয়ান মো. ফরিউদৌল্লাহ ওরফে পাপ্পু ও মামুন উর রশীদ। এঁদের মধ্যে প্রথম ১১ জন প্রথম অভিযোগপত্রভুক্ত আসামি ছিলেন। আর অধিকতর তদন্তে বাকি সাতজনের নাম এসেছে।
যে নয়জনকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়েছে তাঁরা হলেন এস এম জাহিদ সিদ্দিক তারেক (‘বন্দুকযুদ্ধে’ নিহত), মাহবুবুল হক, জাহিদুল ইসলাম ওরফে টিপু, আবুল মোনায়েম মোহাম্মদ আমিনুল এহসান বাবু ওরফে টমেটো বাবু ওরফে ডিস বাবু, এনামুল হক, মাসুম উদ্দিন, আহকাম উল্লাহ, ওয়াহিদুল আলম ও তানজিম মাহমুদ। ২০১৪ সালের ১৫ এপ্রিল র্যাব তদন্ত করে ১১ জনের বিরুদ্ধে প্রথম অভিযোগপত্র দেয়। ৯ জুন অভিযোগপত্র প্রত্যাখ্যান করে নারাজি আবেদন করা হয়। ওই বছরের ১৭ জুন আদালত অধিকতর তদন্তের আদেশ দেন।