শেরপুরে স্কুলছাত্র আরাফাত ইসলাম ওরফে রাহাত হত্যা মামলায় আদালতে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে পুলিশ। শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান খানের আদালতের নির্দেশে সদর থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার এই অভিযোগপত্র দাখিল করে।
সম্পূরক অভিযোগপত্রটি আদালত গ্রহণ করে আগামী ৩ ফেব্রুয়ারি অভিযোগ গঠন ও মামলায় অভিযুক্ত চার আসামির জামিন আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন।
অভিযোগপত্রে মামলার বাদী নিহত আরাফাতের বাবা মো. শহিদুল ইসলাম ও তার মা রীনা বেগমসহ ২৭ জন সাক্ষীর বয়স উল্লেখ করা হয়। এর আগে ১৩ জানুয়ারি আরাফাত হত্যা মামলায় দাখিল করা প্রথম অভিযোগপত্রে মামলার বাদী ও সাক্ষীদের কোনো বয়সের উল্লেখ না থাকায় বিষয়টি তদন্তকাজের ত্রুটি হিসেবে আদালতের নজরে আসে। ওই দিনই আদালত দ্রুত সম্পূরক অভিযোগপত্র দাখিলের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল দাখিল করা সম্পূরক অভিযোগপত্রে আরাফাত হত্যাকাণ্ডে চারজনকে অভিযুক্ত করা হয়। তাঁরা হলেন শেরপুর সদর উপজেলার বয়ড়াপরানপুর গ্রামের মো. আবদুল লতিফ (২১) ও রবিন মিয়া (২০), জামালপুরের ইসলামপুর উপজেলার ফুলকারচর মধ্যপাড়া গ্রামের মো. আসলাম বাবু (২২) এবং নালিতাবাড়ীর নন্নী পশ্চিমপাড়া গ্রামের মো. ইমরান হোসেন (২১)। বর্তমানে তাঁরা শেরপুর কারাগারে রয়েছেন।
শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. গোলাম কিবরিয়া ৩ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের দিন ধার্যের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ গঠনের পরপরই আলোচিত এই মামলার বিচারকাজ শুরু হবে।
গত ২ আগস্ট বিকেলে শেরপুর জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক এলাকা থেকে আরাফাত ইসলামকে অপহরণ করা হয়। ৮ আগস্ট গারো পাহাড়ের সীমান্তঘেঁষা বুরুঙ্গা পাহাড়ের চূড়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।