সম্পূরক অভিযোগপত্র দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে চাঞ্চল্যকর স্কুলছাত্র আরাফাত ইসলাম ওরফে রাহাত (৮) হত্যা মামলায় সম্পূরক অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গত বুধবার শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান খান এই আদেশ দেন।
একই দিন আদালত অভিযুক্ত চার আসামিসহ কারাগারে আটক পাঁচজনের জামিন নামঞ্জুর করে ২১ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. বশির আহম্মেদ মামলার অভিযোগপত্র দাখিল করেন। এতে চারজনকে অভিযুক্ত করা হয়। এঁরা হলেন শেরপুর সদর উপজেলার বয়ড়াপরাণপুর গ্রামের মো. আবদুল লতিফ (২২) ও রবিন (২০), জামালপুরের ইসলামপুর উপজেলার ফুলকারচর গ্রামের মো. আসলাম (২২) ও নালিতাবাড়ীর নন্নী গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. ইমরান। এঁদের মধ্যে লতিফ আরাফাতের খালু। তাঁরা সবাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানিকালে আদালতের কাছে প্রতীয়মান হয় যে অভিযোগপত্রে মামলার বাদী ও সাক্ষীদের বয়সের উল্লেখ নেই। বিষয়টি তদন্তে ত্রুটি হিসেবে বিবেচিত হওয়ায় আদালত দ্রুত সম্পূরক অভিযোগপত্র দাখিলের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. গোলাম কিবরিয়া বলেন, শিশু আইনে কেবল আসামি নয়, সাক্ষীদের বয়সের বিষয়টিও বিবেচিত হয়। মামলায় নিহত আরাফাত ছাড়া কোনো সাক্ষীই শিশু বা নাবালক নয়। তারপরও তদন্তে ওই বিষয়টি উল্লেখ না থাকায় আদালত তদন্ত কর্তৃপক্ষকে যথাযথ আদেশ দিয়েছেন।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল করিম বলেন, আরাফাত হত্যা মামলায় ট্রাইব্যুনালের আদেশের বিষয়টি শুনেছেন। আদেশের কপি পেলে অবশ্যই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।