টাঙ্গাইলের মির্জাপুরে মা ও তিন মেয়েকে পুড়িয়ে হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্রের ওপর বাদীর নারাজির শুনানি হবে কাল মঙ্গলবার। বাদী মোফাজ্জল হোসেন গতকাল রোববার এ তথ্য জানিয়ে সুষ্ঠু বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
২০১৪ সালের ৬ অক্টোবর রাতে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩৫) এবং তাঁর তিন মেয়ে উপজেলার গোড়াই উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মনিরা আক্তার (১৪), বাকপ্রতিবন্ধী মীম আক্তার (১০) ও ব্র্যাক স্কুলের নার্সারির ছাত্রী মলি আক্তারকে (৭) ঘরে ঘুমন্ত অবস্থায় পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। পরদিন ওই গ্রামের জাহাঙ্গীর আলমকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে মজিবরের শ্যালক মোফাজ্জল হোসেন মির্জাপুর থানায় মামলা করেন।
পুলিশ বিভিন্ন সময় মামলার এজাহারভুক্ত আসামিসহ সন্দেহভাজন ২২ জনকে গ্রেপ্তার করে। ২০১৪ সালের ১৫ অক্টোবর জাহাঙ্গীরের চাচাতো ভাই এজাহারভুক্ত আসামি নুর মোহাম্মদ ওরফে নিপুকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) সদস্যরা গ্রেপ্তার করেন। পরে তিনি টাঙ্গাইলের আদালতে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। একই বছরের ২২ নভেম্বর জাহাঙ্গীরকে পুলিশ গ্রেপ্তার করলে তিনিও আদালতে স্বীকারোক্তি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত গত বছরের ২৫ ফেব্রুয়ারি জাহাঙ্গীর ও তাঁর চাচাতো ভাই নুর মোহাম্মদ এবং ঘটনার সময় পেট্রল সরবরাহের অভিযোগে মির্জাপুরের মাছরাঙা ফিলিং স্টেশনের চার কর্মচারীর বিরুদ্ধে টাঙ্গাইলের আদালতে অভিযোগপত্র দেন। এর বিরুদ্ধে গত বছরের ২৫ মার্চ টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে বাদী নারাজি দেন। ২৭ মে নারাজি আবেদনের ওপর শুনানির সময় আদালতকে মামলার বাদী মোফাজ্জল হোসেন বলেন, তাঁকে না জানিয়ে তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দিয়েছেন এবং এজাহারভুক্ত গুরুত্বপূর্ণ আসামিদের অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি বিবেচনায় এনে ওই দিন আদালতের (ঙ অঞ্চল) বিচারক গোলাম কিবরিয়া মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তরের নির্দেশ দেন।
গত বছরের ৩ ডিসেম্বর সিআইডির এসআই সোহরাব উদ্দিন একই আদালতে সম্পূরক অভিযোগপত্র দেন। মনিরাকে বিয়ে করতে না পেরে আসামি জাহাঙ্গীর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটান এবং নুর মোহাম্মদ এতে সহযোগিতা করেন। আর জাহাঙ্গীরের প্রতিবেশী দুই চাচা ইসমাইল হোসেন ও মো. আ. সামাদ এতে প্ররোচনা দেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তেল সরবরাহের অভিযোগে পেট্রলপাম্পের চার কর্মচারীকেও অভিযুক্ত করা হয়। গত ৩ ফেব্রুয়ারি বাদী ওই অভিযোগপত্রের বিরুদ্ধেও নারাজি দেন। ২৮ ফেব্রুয়ারি নারাজি আবেদনের ওপর শুনানির সময় বাদী মোফাজ্জল হোসেন আদালতে বলেন, আসামি নুর মোহাম্মদ তাঁর স্বীকারোক্তিতে আগুন দিতে তেল ঢেলে হারুন অর রশিদ ওরফে রাজীব সহযোগিতা করেন বলে জানিয়েছেন। কিন্তু অভিযোগপত্র থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে উল্লেখ করলে আদালত মঙ্গলবার পুনরায় শুনানির দিন নির্ধারণ করেন।
এ মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জাহাঙ্গীর ও নুর মোহাম্মদ ছাড়া সবাই জামিনে রয়েছেন।
মামলার বাদী মোফাজ্জল হোসেন বলেন, প্রকৃত আসামিদের অভিযোগপত্র থেকে বাদ দেওয়ায় সুষ্ঠু বিচার নিয়ে তিনি সংশয়ে আছেন। সেই সঙ্গে সম্পূরক অভিযোগপত্রের ইসমাইল ও সামাদ ঘটনার সঙ্গে জড়িত নন বলে তিনি উল্লেখ করেন।