সিলেটের লেখক-ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার পুনরায় তদন্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সিলেট মহানগর বিচারিক হাকিম আদালত-২-এর বিচারক হরিদাস কুমার গত ২৮ আগস্ট দাখিল করা অভিযোগপত্রের শুনানি শেষে এ নির্দেশ দেন। মামলার পরবর্তী তারিখ আগামী ৩ নভেম্বর ধার্য করা হয়েছে।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) খোকন কুমার দত্ত সাংবাদিকদের বলেন, অভিযোগপত্রে আসামিদের নাম ও ঠিকানাসহ বিভিন্ন বিষয়ে কিছু ত্রুটি রয়েছে। এ ছাড়া তথ্য-উপাত্তগত আরও কিছু অসংগতি থাকায় আদালত পুনরায় তদন্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিলের এ নির্দেশ দিয়েছেন।
আদালতের সরকারি কৌঁসুলির কার্যালয় সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকা অঞ্চলের পরিদর্শক আরমান আলী ২৮ আগস্ট পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। অভিযুক্ত পাঁচজনের পরিচয় সম্পর্কে বলা হয়, সিলেটের কানাইঘাট উপজেলার ফালজুড় গ্রামের আবুল হোসাইন (২৫), খালপাড় তালবাড়ি গ্রামের ফয়সাল আহমদ (২৭), সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর বাগলী গ্রামের হারুনুর রশিদ (২৫), কানাইঘাট উপজেলার পূর্ব ফালজুড় গ্রামের মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহী ওরফে এ বি মান্নান ইয়াহিয়া ওরফে ইবনে মঈন (২৪) এবং ফালজুড় গ্রামের জোয়ায়াদুর রহমানের ছেলে আবুল খায়ের রশিদ আহম্মদ (২৪)। এঁদের মধ্যে মান্নান ইয়াহইয়া ও আবুল খায়ের কারাগারে আছেন, বাকিরা পলাতক।
অভিযোগপত্রে সন্দেহভাজন হিসেবে আটক ও পরে জামিনে মুক্তি পাওয়া দৈনিক সংবাদ পত্রকার সিলেটের আলোকচিত্রী ইদ্রিস আলীসহ ১১ জনকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ। এঁদের মধ্যে গ্রেপ্তার হওয়া ‘উগ্রপন্থী ব্লগার’ শফিউর রহমান ফারাবীও রয়েছেন। এই ১১ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করার পর হত্যার সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে পুলিশ।
অনন্ত বিজয় দাশ পূবালী ব্যাংকের জাউয়াবাজার শাখার ডেভেলপমেন্ট অফিসার পদে কর্মরত ছিলেন। গত বছরের ১২ মে কর্মস্থলে যেতে বাসা থেকে বের হলে নগরের সুবিদবাজারের নুরানি আবাসিক এলাকায় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। হত্যার পরপরই ‘আনসার বাংলা-৮’ নামের একটি সংগঠন হত্যার দায় স্বীকার করেছিল। ঘটনার পরদিন অনন্তের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট মহানগরের বিমানবন্দর থানায় অজ্ঞাত চার দুর্বৃত্তকে আসামি করে হত্যা মামলা করেন।