সম্পূরক অভিযোগপত্রে ফারাবী অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনন্ত বিজয় দাশ হত্যা
অনন্ত বিজয় দাশ হত্যা

সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় সন্ত্রাসবিরোধী আইনের ধারা যুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এতে ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে তিনজন পলাতক, বাকি তিনজন কারাবন্দী।
সম্পূরক অভিযোগপত্রেও ফটোসাংবাদিক ইদ্রিস আলীসহ ১০ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এর আগে গত বছরের ২৮ আগস্ট ৩০২ ও ৩০ ধারায় অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। সেই অভিযোগপত্রে পাঁচজনকে অভিযুক্ত করা হয়। আর সম্পূরক অভিযোগপত্রে নতুন করে সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমানের নাম যুক্ত করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া শহরের কালীশ্রীপাড়ায় ফারাবীর বাড়ি। সিলেট নগরের রিকাবিবাজারের মুন্সিপাড়ায় মাকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফারাবীকে ২০১৫ সালের ২ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সিলেট থেকে আটক করে ঢাকায় নিয়ে যান। ‌‌‘উগ্রপন্থী ব্লগার’ হিসেবে পরিচিত ফারাবীকে পরে অনন্ত হত্যা মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়।
আগের অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করা হলে পর্যবেক্ষণ আদেশে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেওয়ায় সন্ত্রাসবিরোধী ধারা যুক্ত করে সম্পূরক অভিযোগপত্রটি দাখিল করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরমান আলী গত ১৮ জানুয়ারি সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার জিআর শাখায় সম্পূরক অভিযোগপত্রটি জমা দেন। গতকাল শনিবার যোগাযোগ করলে আরমান আলী সন্ত্রাসবিরোধী ধারা যুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিলের সত্যতা নিশ্চিত করেছেন।
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার জিআর শাখা সূত্র জানায়, সম্পূরক অভিযোগপত্রের সঙ্গে মামলাটি সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০১৩-এর ৪০ ধারায় অনুমোদনেরও আবেদন করা হয়েছে। ২ ফেব্রুয়ারি সিলেটের জেলা ম্যাজিস্ট্রেট বরাবর করা আবেদন অনুমোদন করে সম্পূরক অভিযোগপত্র আদালতে উপস্থাপন প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পূরক অভিযোগপত্রে অভিযুক্ত ছয়জন হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ফালজুর গ্রামের আবুল হোসেন ওরফে আবুল হুসাইন (২৫), খালপাড় তালবাড়ির ফয়সাল আহমেদ (২৭), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিরেন্দ্রনগর (বাগলী) গ্রামের হারুন অর রশিদ (২৫), কানাইঘাটের পূর্ব ফালজুর গ্রামের মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহি ওরফে মান্নান ইয়াহিয়া ওরফে ইবনে মইন (২৪), ফালজুর গ্রামের আবুল খায়ের রশিদ আহম্মেদ (২৪) ও সিলেট নগরের রিকাবিবাজারের সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমান (৩০)। অভিযুক্ত ছয়জনের মধ্যে আবুল, ফয়সাল ও হারুন পলাতক।
মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া দৈনিক সংবাদ-এর ফটোসাংবাদিক ইদ্রিস আলীসহ ১০ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। ইদ্রিস ছাড়া বাকি নয়জন হচ্ছেন কানাইঘাটের ফালজুর গ্রামের মোহাইমিন নোমান, ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া মো. সাদেক আলী ওরফে মিঠু, মোহাম্মদ তৌহিদুর রহমান ওরফে গামা, আমিনুল মল্লিক, জাকিরুল্লাহ ওরফে হাসান, মো. আরিফুল ইসলাম ওরফে আহসান, জুলহাস বিশ্বাস, মো. জাফরান হাসান ও আবুল বাসার।

২০১৫ সালের ১২ মে সকালে কর্মস্থলে যেতে বাসা থেকে বের হয়ে সিলেট নগরের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে অনন্ত বিজয় দাশকে (৩২)। পেশায় ব্যাংকার অনন্ত বস্তুবাদ ও যুক্তিবাদ নিয়ে ব্লগে লিখতেন। তাঁর লেখা ও সম্পাদিত বিজ্ঞানবিষয়ক বই রয়েছে। বিজ্ঞানবিষয়ক ছোটকাগজ যুক্তি নামে একটি পত্রিকা নিয়মিত সম্পাদনা করতেন। সিলেটে পরিচালিত বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন অনন্ত।

ঘটনার এক দিন পর অনন্তের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট মহানগরের বিমানবন্দর থানায় অজ্ঞাত চার দুর্বৃত্তকে আসামি করে হত্যা মামলা করেন। বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্তকে ‘উগ্র ধর্মান্ধ গোষ্ঠী’ পরিকল্পিতভাবে খুন করেছে বলে অভিযোগ করা হয়। মামলার তদন্তভার সিআইডিতে স্থানান্তর হলে ফটোসাংবাদিক ইদ্রিস আলীকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে কোনো তথ্য না পাওয়ায় পরে তিনি জামিনে মুক্তি পান।