আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্রের ওপর নারাজির শুনানি গতকাল মঙ্গলবার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হয়েছে। ট্রাইব্যুনালের বিচারক দিলীপ কুমার দেবনাথ আগামী ৫ জানুয়ারি শুনানির আদেশের দিন ধার্য্য করেছেন।আদালত সূত্র জানায়, গত ২০ জুন হবিগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতে কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কিন্তু কিবরিয়ার পরিবার ওই অভিযোগপত্র প্রত্যাখ্যান করে। এরপর কিবরিয়া পরিবারের পক্ষে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আলমগীর ভুঁইয়া অভিযোগপত্রের ওপর নারাজি দরখাস্ত দাখিল করতে চাইলে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে তা দাখিল করতে বলেন আদালত।সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিচারকশূন্য থাকায় নারাজি আদালতে দাখিল সম্ভব হচ্ছিল না। গতকাল আদালত নারাজি দরখাস্ত গ্রহণ করে এবং পরে এর ওপর শুনানি অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টার শুনানিতে সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ ও মামলার সরকার পক্ষের আইনজীবী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (স্পেশাল পিপি) কিশোর কুমার কর অংশ নেন। এ সময় কিবরিয়া পরিবারের পক্ষে নারাজি দরখাস্ত দাখিলকারী আইনজীবীরা উপস্থিত ছিলেন। শুনানি শেষে আগামী ৫ জানুয়ারি শুনানির নতুন দিন এবং ওই দিনই আদেশ দেওয়া হবে বলে জানান আদালত।আলমগীর ভু্ঁইয়া প্রথম আলোকে জানান, সিআইডির দাখিল করা সম্পূরক অভিযোগপত্রে বিগত চারদলীয় জোট সরকার আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও হরকাতুল জিহাদের শীর্ষ জঙ্গি মুফতি হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করা হয়। কিন্তু ঘটনার অন্তরালে বিগত সরকার আমলের আরও শীর্ষস্থানীয় ও প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকতে পারেন বলে পুনরায় তদন্ত চেয়ে দাখিল করা অভিযোগপত্রের ওপর নারাজি দাখিল করা হয়।২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে দলীয় সমাবেশে গ্রেনেড হামলায় কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা সাংসদ আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।