সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্রের শুনানি আগামী ৬ আগস্ট। সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালত গতকাল রোববার এ তারিখ ধার্য করেন।গত বছরের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে বাদাঘাটের চেঙ্গেরখালে নৌভ্রমণে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পলিমার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপঙ্কর ঘোষ অনীক ও খায়রুল কবীর দুর্বৃত্তদের হামলায় নিহত হন। এ ঘটনায় নৌকার মাঝি গুলজার মিয়াকে পুলিশ গ্রেপ্তার করলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে গত ৪ মার্চ নৌকার মাঝিসহ নয়জনকে অভিযুক্ত করে প্রথম দফা অভিযোগপত্র আদালতে দাখিল করেন জালালাবাদ থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জিত দাস। মামলার বাদী এ অভিযোগপত্রের ওপর নারাজি দিলে ৭ মে আদালত এক আদেশে অধিকতর তদন্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করতে পুলিশকে নির্দেশ দেন। আদালতের এ নির্দেশের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফায় জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ তদন্ত করে গত ১৫ জুন আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন।পুলিশ সূত্র জানায়, সম্পূরক অভিযোগপত্রে নৌকার মাঝি গুলজার মিয়া, চেঙ্গেরখাল পার্শ্ববর্তী নলকট গ্রামের ছইল মিয়া, শাহিন আহমদ, লাল মিয়া, সায়েম উদ্দিন, জামাল আহমদ, রকিব আহমদ, মো. আবদুল্লাহ ও সেলিম আহমদকে অভিযুক্ত করা হয়। অভিযুক্ত সবাই পেশায় বালুশ্রমিক। তাঁরা চেঙ্গেরখালে নৌকাযোগে বালু পরিবহনের কাজ করতেন। তাঁদের মধ্যে গুলজার ছাড়া বাকি আটজনকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছিল।আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিলকারী জালালাবাদ থানার উপপরিদর্শক জানান, তদন্তে নতুন কোনো তথ্য না পাওয়ায় নয়জনকেই অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়।