সম্পূরক খাবার হিসেবে অণু পুষ্টিকণা পাউডার শিশুদের মৃত্যুঝুঁকি বাড়ায়
সম্পূরক খাবার হিসেবে অণু পুষ্টিকণা পাউডার শিশুদের মৃত্যুঝুঁকি বাড়ায়। পাশাপাশি এতে সংক্রামক রোগসহ নানা রোগে আক্রান্ত হওয়ার হারও বাড়ে। তা ছাড়া এ পাউডার শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়াও ধ্বংস করে।
অণু পুষ্টিবিষয়ক জাতীয় সংলাপে আজ মঙ্গলবার বক্তারা এসব কথা বলেন। রাজধানীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন (বিবিএফ)।
স্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী ল্যানসেটের উদ্ধৃতি দিয়ে বিবিএফের চেয়ারপারসন এস কে রায় বলেন, তানজানিয়ায় সম্পূরক খাদ্য হিসেবে ফলিক অ্যাসিড ও আয়রনের অণু পুষ্টিকণা পাউডার খেয়ে এক থেকে আড়াই বছর বয়সী প্রায় ১২ শতাংশ শিশু গুরুতর শারীরিক সমস্যায় ভুগেছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অণু পুষ্টিকণা পাউডার খাওয়ালে শিশুদের মৃত্যুঝুঁকিসহ ডায়রিয়া, আমাশয়, ম্যালেরিয়া, বমি, স্থূলতা, বুক বসে যাওয়াসহ নানা সংক্রামক রোগ হয়। এ পাউডার শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়াও ধ্বংস করে।
অণু পুষ্টি হচ্ছে ভিটামিন ও খনিজ লবণ, যা হজম প্রক্রিয়া, শারীরিক বৃদ্ধি ও সুস্থতার জন্য দরকার। শরীরের জন্য প্রতিদিন ১০০ মিলিগ্রামেরও কম অণু পুষ্টি দরকার; যা ক্যালসিয়াম ও ফসফরাস বাদে খাবারেই পাওয়া যায়।
নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের জ্যেষ্ঠ পরামর্শক খুরশিদ তালুকদার বলেন, শরীরের অণু পুষ্টির চাহিদা দৈনন্দিন খাবারের মাধ্যমেই পূরণ করা যায়। আবার অণু পুষ্টিকণা পাউডারের উপকারিতা স্পষ্ট নয়। তা ছাড়া যার পুষ্টির ঘাটতি নেই, এ কারণে এটি ক্ষতিকর। এ কারণে সবার জন্য ঢালাওভাবে এটা দরকার বলা যাবে না।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের ২০ লাখ মানুষ অণু পুষ্টি ঘাটতিতে ভুগছে। এর মধ্যে ভিটামিন ‘এ’, আয়রন ও আয়োডিনের ঘাটতি বেশি। ২০১১-১২ সালের অণু পুষ্টি জরিপে দেখা যায়, প্রাক্-স্কুলগামী (পাঁচ বছরের কম বয়সী) প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন ভিটামিনের অণু পুষ্টিতে ভুগছে। এদের ক্যালসিয়াম ও আয়রনের ঘাটতিও বেশি।
পাশাপাশি গর্ভবতী বা বুকের দুধ খাওয়ান না—এমন ৫৭ শতাংশ নারী ভিটামিন ‘ডি’ এবং জিংকের ঘাটতিতে ভুগছেন। ৪২ শতাংশ নারীর আয়োডিন ঘাটতি আছে।
তবে বক্তারা বলেন, জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে বুকের দুধ খাওয়ালে শিশুর মৃত্যুঝুঁকি ৩১ শতাংশ কমে। আর ছয় মাস পর্যন্ত শিশুকে বুকের খাওয়ালে শিশুমৃত্যুর হার ১৩ ভাগ কমে এবং রক্তস্বল্পতায় আক্রান্ত হয় না।
অপর দিকে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের পুষ্টি ও ক্লিনিক্যাল সার্ভিসের জ্যেষ্ঠ পরিচালক তাহমিদ আহমেদ বলেন, খাদ্যঘাটতি আছে, এমন এলাকায় সম্পূরক খাদ্য হিসেবে অণু পুষ্টি পাউডার দেওয়া যেতে পারে। সম্প্রতি মিরপুর বস্তিতে একটি গবেষণা চালানো হয়েছে। এতে দেখা গেছে, খাবারের মাধ্যমে যাদের চাহিদা পূরণ না হওয়া শিশুদের অণু পুষ্টি পাউডার দেওয়া হয়। এতে শিশুদের মধ্যে রক্তশূন্যতার হার কমেছে এবং তাদের নিউমোনিয়া প্রতিরোধ ক্ষমতাও বেড়েছে।
অনুষ্ঠানে বেশির ভাগ বক্তারা সম্পূরক খাবার হিসেবে অণু পুষ্টিকণা পাউডার গ্রহণের বিপক্ষে মত দেন। তাঁরা বলেন, এ ঘাটতি কমানোর জন্য অণু পুষ্টিকণা পাউডার নয়, দরকার বয়স অনুযায়ী খাদ্যভিত্তিক ডায়েটারি গাইডলাইন। প্রতিদিন সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে এ ঘাটতি মেটানো সম্ভব। এ সময় তাঁরা দেশীয় সহজলভ্য পুষ্টিকর খাবার খাওয়ার ওপর জোর দেন।
এতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদেরসহ চিকিৎসাবিজ্ঞানী, চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।