সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা গত সোমবার থেকে আন্দোলনে নেমেছেন। গতকাল বুধবার কলেজে এক সংবাদ সম্মেলন করে তাঁরা ঘোষণা দিয়েছেন, দাবি না মানা পর্যন্ত তাঁরা ক্লাস ও পরীক্ষা বর্জন করবেন, হাসপাতালে দায়িত্ব পালন করবেন না।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষার্থী রুহুল কুদ্দুস। এতে বলা হয়, কলেজের কোনো শিক্ষার্থী কোনো বছর অকৃতকার্য হলে তিনি পরপর তিনবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। কিন্তু ২০১০ সালে কর্তৃপক্ষ জারি করে, কোনো শিক্ষার্থী দুটির অধিক বিষয়ে অকৃতকার্য হলে তাঁকে আবার সেই বর্ষেই পড়তে হবে। এ নিয়মে ২০১১ সালের ফলাফলে প্রথম বর্ষে ১৯ জন, দ্বিতীয় বর্ষে ১৬ জন ও তৃতীয় বর্ষে দুজন শিক্ষার্থীর এক বছর করে ঝরে যাচ্ছে।এরই মধ্যে তাঁরা নতুন বর্ষে ছয়-সাত মাস ক্লাস করেছেন। এখন আগের বর্ষের পরীক্ষা দিতে হবে। তা হবে মাত্র দু-তিন মাসের মধ্যে। কর্তৃপক্ষের একটি মৌখিক ঘোষণায় এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে না বলে তাঁদের দাবি।অধ্যক্ষ সাদেকা খাতুন বলেন, তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জারি করা অধ্যাদেশ অনুযায়ী এখানে পরীক্ষা নেওয়া হয়। অধ্যাদেশের কিছু সংশোধনী হয়েছে। এ ব্যাপারে তাঁর আসলে কিছু করার নেই।